• হোম > আন্তর্জাতিক > কাবুল বিমানবন্দরের কাছে বিস্ফোরণ

কাবুল বিমানবন্দরের কাছে বিস্ফোরণ

  • সোমবার, ৩০ আগস্ট ২০২১, ০৯:৩৬
  • ৫৯০

 কাবুল বিমানবন্দরের কাছে বিস্ফোরণ

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, কাবুল বিমানবন্দরে ইসলামিক স্টেটের (আইএস-কে) সন্ত্রাসী হামলা ঠেকাতে একটি গাড়ি লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে।

তবে হামলায় বেসামরিক কেউ নিহত হয়েছে কিনা তা তাদের জানা নেই বলে বলছেন মার্কিন কর্মকর্তারা। খবর বিবিসির।

এর আগে যুক্তরাষ্ট্র কাবুল বিমানবন্দরে আরেকটি সন্ত্রাসী হামলা হতে পারে বলে শনিবার সতর্ক করেছিল।

এদিকে কাবুলের পুলিশ জানিয়েছে, কাবুল বিমানবন্দরের কাছে একটি বাড়িতে রকেট হামলায় একটি শিশু মারা গেছে।

এই আগে বিভিন্ন সূত্রের খবরে বলা হয়েছিল, কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বিরাট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। কোনো কোনো সূত্র এটিকে একটি রকেট হামলা বলে বর্ণনা করেছে।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা কিছু ছবিতে দেখা যাচ্ছে, সেখান থেকে ধোঁয়া উঠছে আকাশে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন, সেখানে একটি বিস্ফোরণ ঘটেছে। তবে কিভাবে এই বিস্ফোরণ ঘটেছে, তা পরিস্কার নয়।

বিবিসির সাংবাদিক সেকান্দার কেরমানি বলছেন, একটি সূত্র তাকে জানিয়েছে, এটি হয়তো একটি রকেট হামলা ছিল এবং এই রকেট বিমানবন্দরের কাছে একটি বাড়িতে আঘাত করেছে, বিমানবন্দরে নয়। কোনো হতাহতের খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি।

বিমানবন্দরের কাছে শোনা বিস্ফোরণের সঙ্গে মার্কিন হামলার কোন সম্পর্ক আছে কীনা সেটা পরিস্কার নয়।

কাবুলে এখন আর খুব বেশি বিদেশি সাংবাদিক নেই। তবে আল জাজিরার একজন সাংবাদিক, সেখান থেকে তার এক রিপোর্টে বলছেন, রোববার সকালে তিনি কাবুল বিমানবন্দরে একটি মার্কিন বিমানও দেখেননি।

ন্যাটোর অন্যসব দেশ এরই মধ্যে তাদের উদ্ধার অভিযান সমাপ্ত করে চলে গেছে। সর্বশেষ বৃটেনের উদ্ধার ফ্লাইটগুলো শুক্রবার কাবুল ছেড়েছে। ব্রিটিশ রাষ্ট্রদূতও আফগানিস্তান ছেড়েছেন।

কিন্তু যুক্তরাষ্ট্র বলেছিল, তারা শেষ মূহুর্ত পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়ে যাবে অর্থাৎ ৩১ অগাস্টের মধ্যে সৈন্য প্রত্যাহারের যে সময়সীমা বেঁধে দেয়া আছে, সেপর্যন্ত।

এই অভিযান কখন শেষ হবে, তা এখনো ঠিক হয়নি, তবে এখনও এক হাজারের মতো বেসামরিক নাগরিক বিমানবন্দরে আছেন সেখান থেকে ফ্লাইট ধরার আশায়।

এদিকে তালেবান বলছে, ৩১ অগাস্টের পর বিমানবন্দরের দায়িত্ব নেয়ার জন্য তারা পুরোপুরি প্রস্তুত।

রোববার তালেবান উচ্চশিক্ষা বিষয়ক একজন অস্থায়ী মন্ত্রী নিয়োগের ঘোষণা দিয়েছে। এর আগেও এরকম কিছু মন্ত্রী নিয়োগের ঘোষণা দেয়া হয়েছিল।

তালেবান আফগানিস্তানের সব বাণিজ্যিক ব্যাংক খোলারও নির্দেশ দিয়েছে। তবে শর্ত দিয়েছে, লোকজন সপ্তাহে সর্বোচ্চ ২০০ ডলার পর্যন্ত ব্যাংক থেকে তুলতে পারবে।

সূত্র: যুগান্তর


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/111328 ,   Print Date & Time: Saturday, 1 August 2026, 10:03:40 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group