• হোম > বাংলাদেশ > ১ নম্বর সতর্কতা সংকেত সমুদ্রবন্দরে ৩ নম্বর ও নদীবন্দরগুলোকে

১ নম্বর সতর্কতা সংকেত সমুদ্রবন্দরে ৩ নম্বর ও নদীবন্দরগুলোকে

  • সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১, ০৯:৪১
  • ৪৭০

 ১ নম্বর সতর্কতা সংকেত সমুদ্রবন্দরে ৩ নম্বর ও নদীবন্দরগুলোকে

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হওয়ার ফলে সমুদ্রবন্দর ও নদীবন্দরে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ জন্য সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কতা সংকেত এবং নদীবন্দরগুলোকে ১ নম্বর সর্তকতা সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর থেকে এ তথ্য জানা গেছে। একইসঙ্গে দেশের দক্ষিণাঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে বলেও আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, মধ্য ও উত্তর বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি আরও ঘনীভূত হয়ে এখন উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

নদীবন্দরগুলোর জন্য এক সতর্ক বার্তায় বলা হয়, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলগুলোর ওপর দক্ষিণ-দক্ষিণ পূর্বদিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ জন্য এসব এলাকার বন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

সমুদ্রবন্দরগুলোর সতর্ক বার্তায় বলা হয়, মধ্য বঙ্গোপসাগর ও উত্তর বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও এর আশপাশের এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। বাংলাদেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এজন্য চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একইসঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

এদিকে বাংলাদেশে অবস্থিত মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তর পূর্বদিক হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয়। এটি উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় আছে। এর প্রভাবে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায়, ঢাকা বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেটের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে।

এ বিষয়ে আবহাওয়াবিদ আব্দুল মান্নান বলেন, গত সপ্তাহের শেষেও একটি লঘুচাপ সৃষ্টি হয়েছিল। কিন্তু পরে তা ভারতের দিকে সরে যাওয়ায় আমরা সংকেত নামিয়ে ফেলেছিলাম। এবার যদি লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপের পর আরও ঘনীভূত হয় তাহলে সংকেত বাড়তেও পারে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির শঙ্কা রয়েছে। কোথাও ভারী আবার কোথাও মাঝারি ধরনের হতে পারে। তবে টানা বৃষ্টি হবে না, থেমে থেমে হবে বলে জানান এই আবহাওয়াবিদ।

সূত্র: আমাদের সময়.কম


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/112091 ,   Print Date & Time: Tuesday, 14 April 2026, 07:50:53 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group