• হোম > আইন-অপরাধ > কুমারী পরিচয়ে বিয়ের মামলায় নারীর ১ বছরের কারাদণ্ড

কুমারী পরিচয়ে বিয়ের মামলায় নারীর ১ বছরের কারাদণ্ড

  • রবিবার, ৩১ অক্টোবর ২০২১, ১৫:৪২
  • ৫৯৬

 কুমারী পরিচয়ে বিয়ের মামলায় নারীর ১ বছরের কারাদণ্ড

নিজেকে মিথ্যা কুমারী পরিচয়ে বিয়ের প্রতারণার মামলায় শাহরীন ইসলাম নীলা (২৪) নামে এক নারীর ১ বছরের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা দণ্ডের রায় দিয়েছেন আদালত। আজ রোববার ঢাকার প্রথম অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আবু বকর সিদ্দিক এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে রায়ে আদালত মামলার অপর দুই আসামি নীলার মা রাজিয়া বেগম এবং বাবা শাহআলমকে বেকসুর খালাস দিয়েছেন।

রায় ঘোষণার আসামিরা আদালতে অনুপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর আসামি নীলার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেছেন আদালত। দণ্ডিত নীলা ঢাকার শাহআলী থানাধীন মিরপুরস্থ ৫৬, চিড়িয়াখানা রোর্ডের শাহ আলমের মেয়ে।

খুলনা জেলার রূপসা থানা নৈহাটি গ্রামের আবুল খায়েরের ছেলে ইমরান শেখ ২০১৬ সালের ১৬ জুন ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে এ মামলা করেন। মামলাটি আদালত সরাসরি আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে সমন জারি করেন। পরবর্তী সময়ে আসামিরা আদালতে হাজির হয়ে জামিন গ্রহণ করেন।

মামলায় বলা হয়, আসামি নীলা নিজেকে কুমারী পরিচয়ে ২০১৪ সালের ৩ জুলাই বাদী সহিত বিবাহবন্ধনে আবন্ধ হন। বিবাহের পর বাদী জানতে পারেন যে আসামির পূর্বে আরও একাধিক বিবাহ থাকলেও বাদীর সঙ্গে বিবাহের সময় নিজেকে প্রতারণামূলকভাবে কুমারী পরিচয় দিয়েছেন। এভাবে তিনি কুমারী পরিচয়ে একাধিক বিবাহ করে পরবর্তী সময়ে তালাক প্রদান করে দেনমোহরের টাকা আদায় করেছেন।

মামলার বিচারকালে বাদী পক্ষে তিনজনের সাক্ষ্য গ্রহণ করা হয় বলে জানান মামলার বাদীর আইনজীবী পিকে আব্দুর রব।

সূত্র: আমাদের সময়.কম


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/114144 ,   Print Date & Time: Friday, 3 July 2026, 01:03:50 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group