• হোম > বিনোদন > কনসার্টে ফিরছেন জেমস

কনসার্টে ফিরছেন জেমস

  • বুধবার, ৩ নভেম্বর ২০২১, ১০:৪৭
  • ৪৯৯

 কনসার্টে ফিরছেন জেমস

কয়েক মাস বিরতির পর কনসার্টে ফিরছেন নন্দিত কণ্ঠশিল্পী জেমস। ব্যান্ড নগর বাউলের সঙ্গে ‘নভেম্বর রেইন’ কনসার্টে অংশ নেবেন তিনি। এটি অনুষ্ঠিত হবে আগামী ১২ নভেম্বর রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে।

জেমসের মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন  জানান, করোনা পরিস্থিতির কারণে জেমস দীর্ঘদিন কোনো কনসার্টে অংশ নেননি। এখন করোনা সংক্রমণ কিছুটা কমে যাওয়ায় আবার স্টেজ শোতে অংশ নিচ্ছেন। শুরু করছেন বছরের সবচেয়ে বড় আয়োজন দিয়ে।

জেমস জানান, দর্শকের সামনে দাঁড়িয়ে গান গাওয়ার সময়টা ফিরে আসছে, এটা ভালো লাগার। সবকিছু স্বাভাবিক থাকলে কনসার্টে নিয়মিত গাওয়ার ইচ্ছা আছে। প্রায় দেড় বছরের বেশি সময় জেমসকে কোনো কনসার্টে দেখা যায়নি। করোনার জন্য দীর্ঘদিন তিনি ঘরবন্দি ছিলেন। মাঝে দু-একটি কনসার্টে অংশ নিলেও করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় আবারও বিরতি নিয়েছিলেন তিনি। চলতি বছর স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে গাজীপুরের রাজবাড়ী মাঠে একটি কনসার্টে অংশ নেওয়ার প্রস্তুতি নিয়েছিলেন। কিন্তু করোনার জন্য এই আয়োজনসহ বাকি সব কনসার্ট স্থগিত করে দেন এই নগর বাউল তারকা। অবশেষে বিরতি ভেঙে আবার গানের মঞ্চে পা রাখতে যাচ্ছেন জেমস। এ আয়োজন দর্শকের প্রত্যাশা পূরণ করবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি।

ব্র্যান্ডমিথ আয়োজিত ‘নভেম্বর রেইন’ কনসার্টে জেমস ও নগর বাউল ছাড়াও পারফর্ম করবে ব্যান্ড আর্টসেল, ভাইকিং, ক্রিপটিপ ফেইট, ব্ল্যাক, প্ল্যাজমিক নক, স্যাভাজেরি ও ফিউজ। আয়োজকরা জানান, সরকারি অনুমতি পাওয়ায় তারা অক্টোবর মাস থেকে তারা ধারাবাহিকভাবে কনাসার্টের আয়োজন করছে। সামনে আরও কিছু বড় আয়োজনের প্রস্তুতি রয়েছে তাদের।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/114254 ,   Print Date & Time: Monday, 20 April 2026, 05:30:38 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group