• হোম > চট্টগ্রাম | বাংলাদেশ > চবির কটেজে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ

চবির কটেজে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ

  • সোমবার, ৩ জানুয়ারী ২০২২, ১৬:৫০
  • ৫৬৪

 চবির কটেজে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এস আলম কটেজ থেকে অনিক চাকমা নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার দুপুর দেড়টার দিকে পুলিশ ও প্রক্টরিয়াল বডির সদস্যরা কক্ষের দরজা ভেঙে তার লাশ উদ্ধার করেন। এ সময় তার টেবিলে কয়েক পৃষ্ঠার নোট পাওয়া গেছে।

জানা গেছে, অনিক চাকমা মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি রাঙামাটি সদর উপজেলার বালুখালী ইউনিয়নের মোহনলাল চাকমার ছেলে।

একই কটেজের বাসিন্দা ও সমাজতত্ত্ব বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সুভাষ চাকমা বলেন, অনিক প্রায় প্রতিদিনই ভোরে ঘুম থেকে ওঠে। কিন্তু আজ ওঠেনি। দরজাও বন্ধ ছিল। এরপর ৯টার দিকে তার দরজায় টোকা দিই। দরজা না খোলায় ভেবেছি, সে ঘুমাচ্ছে। আরও এক ঘণ্টা পর দরজা না খোলায় আবার টোকা দিই। এরপর জানালার ফাঁক দিয়ে দেখি লাশ ঝুলছে। পরে প্রক্টরিয়াল বডিকে জানাই।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর শহিদুল ইসলাম বলেন, কয়েকজন শিক্ষার্থীর মাধ্যমে বিষয়টি তিনি জেনেছেন। এরপর পুলিশ নিয়ে কটেজ থেকে তার লাশ উদ্ধার করা হয়। কক্ষে পাওয়া নোট দেখে ধারাণা করা হচ্ছে ওই শিক্ষার্থী হতাশায় ভুগছিলেন।

অনিক চাকমার মৃত্যু নিশ্চিত করা চবি মেডিকেলের প্রধান চিকিৎসক ডা. আবু তৈয়ব বলেন, দুপুর ১টার দিকে সিলিং থেকে লাশ নামানো হয়েছে। তখন কোনও হৃদস্পন্দন ছিল না। আনুমানিক ভোরের দিকে তার ‍মৃত্যু হয়েছে।

এদিকে, বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ কবির হোসেন বলেন, দরজা ও জানালা ভেতর থেকে বন্ধ ছিল। পরে দরজা ভেঙে লাশ নামানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।

সূত্র: আমাদের সময়.কম


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/115686 ,   Print Date & Time: Wednesday, 18 February 2026, 09:17:25 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group