• হোম > জাতীয় > স্বাস্থ্যবিধি মেনে না চলায় দ্রুত বাড়ছে সংক্রমণ: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যবিধি মেনে না চলায় দ্রুত বাড়ছে সংক্রমণ: স্বাস্থ্যমন্ত্রী

  • রবিবার, ৯ জানুয়ারী ২০২২, ১৮:০৬
  • ৫২৮

 সংগৃহীত ছবি

স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে কেউ কর্ণপাত না করায় সংক্রমণ অতিমাত্রায় ও অতি দ্রুত বাড়তে শুরু করেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

রোববার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে দেশের আট বিভাগীয় শহরে ৪৬০ শয্যা বিশিষ্ট সমন্বিত ক্যানসার, কিডনি ও হৃদরোগ ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা আগেই বলেছিলাম স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, মাস্ক পরতে হবে, কিন্তু কেউ এসব বিষয়ে কর্ণপাত করেনি। বলেছিলাম গণজমায়েত কমাতে হবে, সামাজিক অনুষ্ঠানগুলো স্বাস্থ্য বিধি অনুযায়ী করতে হবে। কিন্তু আফসোসের বিষয়, কোনো একটা লোকও এসব বিষয়ে কর্ণপাত করেনি। যার ফলে দেশে সংক্রমণের হার বাড়ছে। একইসঙ্গে হাসপাতালের রোগীর সংখ্যাও বাড়ছে।

তিনি বলেন, আপনারা জানেন দেশে সংক্রমণের হার বাড়ছে। গতকালও দেশের সংক্রমণের হার ৬ শতাংশের কাছাকাছি ছিল। যখন থেকে সংক্রমণ বাড়া শুরু হয়েছে, তখন থেকেই আমরা সতর্কতা নিয়ে প্রচার করে যাচ্ছি।

এ অবস্থায় করণীয় প্রসঙ্গে জাহিদ মালেক বলেন, ইতোমধ্যে সরকারিভাবে কিছু পদক্ষেপ নেয়া হয়েছে। স্বাস্থ্যবিধি মানতে আজ অথবা কালের মধ্যেই একটি প্রজ্ঞাপন জারি করা হবে। এর মাধ্যমে পূর্বে যে নির্দেশনাগুলো নিয়ে আলোচনা হয়েছিল, সেগুলো বাস্তবায়নের জন্য সারাদেশে বার্তা চলে যাবে। আমরা কেবিনেট থেকে জানতে পেরেছি এর কার্যকারিতাও খুব শিগগিরই শুরু হয়ে যাবে।

‘কিন্তু আমরা যতই নির্দেশনা পাঠাই না কেন, জনগণের ওপর নির্ভর করবে তারা এটা মানছে কি না। কাজেই নিজেদেরই সচেতন হতে হবে। শিশুরা সংক্রমিত হচ্ছে, এমনকি বয়স্করাও সংক্রমিত হচ্ছে। সংক্রমণ মোকাবিলায় আমাদের দায়িত্বশীল হতে হবে।’

তিনি আরও বলেন, সংক্রমণ এভাবে বাড়তে থাকে তাহলে সরকারকে কঠোর ভূমিকা নিতে হবে। আর এই মুহূর্তে সংক্রমণের লক্ষণ আমরা দেখছি, সংক্রমণ অতিমাত্রায়, অতি দ্রুত বাড়ছে।

সূত্রঃ বাংলাদেশ জার্নাল


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/115955 ,   Print Date & Time: Friday, 20 March 2026, 10:44:37 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group