• হোম > চট্টগ্রাম | বাংলাদেশ > ভেঙে পড়ল চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সমাবেশের মঞ্চ

ভেঙে পড়ল চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সমাবেশের মঞ্চ

  • বুধবার, ১২ জানুয়ারী ২০২২, ১৭:১২
  • ৪৪৫

 ভেঙে পড়ল চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সমাবেশের মঞ্চ

বিএনপি চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার উদ্যোগে আয়োজিত সমাবেশে দুপক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে কর্ণফুলী থানার সিডিএ আবাসিক মাঠে এ ঘটনা ঘটে। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে ডাকা বিএনপি চট্টগ্রাম দক্ষিণ জেলা এ সমাবেশের আয়োজন করে।

এ সময় মঞ্চ ভাংচুর করা হয় এবং দক্ষিণ জেলা বিএনপির এক নেতাকেও লাঞ্ছিত করা হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বক্তব্য দেওয়ার সময় হঠাৎ মঞ্চ ভেঙে পড়ে। তবে কেউ আঘাত পাননি।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ১৪৪ ধারার দিন শেষ হয়ে গেছে‌‌। দফায় দফায় অনুমতি নিয়ে জনসভার দিন শেষ হয়ে গেছে। দেশের মানুষ আজ ঐক্যবদ্ধ। মঞ্চ তো ভাঙবেই। এই সমাবেশ সরকার পতন আন্দোলনের। কিছুতেই জনগণকে আটকে রাখা যাবে না। আন্দোলন বন্ধ হবে না, চলতে থাকবে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল মাহমুদ বলেন, সকাল থেকে বিএনপির নেতাকর্মীরা সমাবেশে আসতে শুরু করে। সমাবেশ শুরু হওয়ার কিছুক্ষণ পরই তারা মারামারিতে জড়ায়। এসময় বিএনপির এক নেতাকে লাঞ্ছিত করা হয়েছে বলেও শুনেছি। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি।

দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক, উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সভাপতি সাইফুল আলম, দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম প্রমুখ। এছাড়াও কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা সমাবেশে বক্তব্য রাখেন। সমাবেশে দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা, পটিয়া, বোয়ালখালী, বাঁশখালী, সাতকানিয়া, লোহাগাড়া, চন্দনাইশ ও কর্ণফুলী উপজেলা থেকে নেতাকর্মীরা যোগ দেন।

সুত্রঃ বিডি প্রতিদিন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/116040 ,   Print Date & Time: Sunday, 1 February 2026, 03:28:37 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group