• হোম > ঢাকা | বাংলাদেশ > পাশাপাশি ঘরে মিললো স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ

পাশাপাশি ঘরে মিললো স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ

  • বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী ২০২২, ১৮:১১
  • ৫৩৮

 প্রতীকী ছবি

গাজীপুরের কাপাসিয়ায় স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালের দিকে উপজেলার টোক ইউনিয়নের ঘোষেরকান্দি এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- ওই এলাকার দুলাল মিয়ার ছেলে রুবেল মিয়া (৩২) ও তার স্ত্রী পাকুন্দিয়া উপজেলার তালদশি গ্রামের নূরুল ইসলামের মেয়ে নূর নাহার (২৮)।

মৃত রুবেলের মা আকলিমা জানান, প্রায় ১২ বছর আগে নুর নাহারের সঙ্গে রুবেলের বিয়ে হয়। তাদের সংসারে দুই ছেলে রয়েছে। তিন বছর পর দুই সপ্তাহ আগে মালয়েশিয়া থেকে দেশে ফেরেন রুবেল। দেশে ফেরার পর থেকেই রুবেলের সঙ্গে স্ত্রী নূর নাহারের পারিবারিক কলহ লেগেই থাকতো।

বুধবার দিবাগত রাতে একসঙ্গে খাবার খেয়ে শুয়ে পড়ে বাড়ির সবাই। বৃহস্পতিবার সকালে নূর নাহার ছেলেকে মক্তবেও নিয়ে যায়। এরপর সকালে পাশাপাশি দুই ঘরে তাদের দুইজনের ঝুলন্ত মরদেহ দেখে পুলিশকে খবর দেয়া হয়।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম জানান, রুবেল রাতেই গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে মনে হচ্ছে। অপরদিকে নূর নাহার ছেলেকে মক্তবে দিয়ে ফিরে এসে স্বামীকে ঝুলন্ত অবস্থায় দেখে নিজেও ঘরের আড়ার সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। পারিবারিক কলহের জেরে তারা আত্মহত্যা করে থাকতে পারে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় স্বজনদের আবেদনের প্রেক্ষিতে মরদেহ দুটি হস্তান্তর করা হয়।

সূত্রঃ বাংলাদেশ জার্নাল


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/116168 ,   Print Date & Time: Wednesday, 6 May 2026, 04:24:54 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group