• হোম > জাতীয় > ক্ষমতায় বিদেশিরা বসাবে না, ক্ষমতায় বসাবে এদেশের জনগণ: ওবায়দুল কাদের

ক্ষমতায় বিদেশিরা বসাবে না, ক্ষমতায় বসাবে এদেশের জনগণ: ওবায়দুল কাদের

  • বুধবার, ২ ফেব্রুয়ারী ২০২২, ১৮:৩৪
  • ৪৯১

ওবায়দুল কাদের (ফাইল ছবি)

আন্দোলন ও নির্বাচনে প্রত্যাখ্যাত বিএনপি ক্ষমতায় যেতে বিদেশিদের হস্তক্ষেপ চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এটি কেবল বিএনপির মতো একটি মেরুদণ্ডহীন এবং জনগণের সঙ্গে সম্পর্কহীন রাজনৈতিক দলের পক্ষেই সম্ভব।

বুধবার সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

বিএনপি নতজানু, ভঙ্গুর এবং পরনির্ভর একটি রাজনৈতিক দল মন্তব্য করে তিনি বলেন, তারা জনগণের কাছে যায় না, যায় বিদেশিদের কাছে, আর বিদেশি দূতাবাসের কাছে।
বিএনপি নেতাদের দেশের জনগণের কাছে যাওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, ক্ষমতায় বিদেশিরা বসাবে না, ক্ষমতায় বসাবে এদেশের জনগণ। বিএনপি দেশের বিরুদ্ধে লবিস্ট নিয়োগ প্রথম দিকে অস্বীকার করলেও এখন বলছে প্রবাসী এক বাংলাদেশি এ কাজ করছেন। এই প্রবাসী বাংলাদেশি কে? তার পরিচয় কেন প্রকাশ করেননি?

বিএনপির নেতারা বলেছেন এ ধরনের কার্যক্রম তাদের নৈতিক সমর্থন আছে এবং তারা এতে সংহতিও প্রকাশ করেন। এ থেকেই সবকিছু স্পষ্ট হয়।

জনগণ এসব কৌশলী জবাব কথামালার চাতুরিতে বিভ্রান্ত হয় না। জনগণ জানে বিএনপির আসল পরিচয়।

উন্নয়ন অংশীদারদের কাছে বিএনপি মহাসচিবের চিঠি লেখা প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তাদের ভাষায় নাকি মানবাধিকার, আর গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য চিঠি লিখেছেন। অন্তত চিঠি লেখার কথাতো স্বীকার করেছেন!

সুত্রঃ বিডি প্রতিদিন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/117526 ,   Print Date & Time: Tuesday, 17 March 2026, 03:02:50 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group