• হোম > বাংলাদেশ > সোনিয়ার ধাক্কায় খাবার খেতে বসা মাঝির প্রাণহানি

সোনিয়ার ধাক্কায় খাবার খেতে বসা মাঝির প্রাণহানি

  • সোমবার, ২৩ মে ২০২২, ১৬:০৪
  • ৪৭৭

 সোনিয়ার ধাক্কায় খাবার খেতে বসা মাঝির প্রাণহানি

বাগেরহাটের মোংলা-ঘষিয়াখালী নৌ রুটে পণ্যবাহী কার্গোর ধাক্কায় ফারুক হোসেন খলিফা (৫৫) নামের এক নৌকার মাঝি নিহত হয়েছেন।

সোমবার সকালে পশুর নদীর ঘষিয়াখালী নামক স্থানে এমভি কাজী সোনিয়া-১ নামের পণ্যবাহী কার্গোর ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় কার্গো এবং কার্গোর মাস্টারসহ ১১ জনকে আটক করেছে ঘষিয়াখালী নৌ-পুলিশ।

নিহত ফারুক হোসেন খলিফা মোরেলগঞ্জ উপজেলার ঘষিয়াখালী গুচ্ছগ্রামের আলকাস হোসেনের ছেলে। ফারুক হোসেন ওই নদীতে খেয়া পারাপারের মাঝি হিসেবে নৌকা চালাতেন।

জানা যায়, প্রতিদিনের মতো আজ সোমবার ভোরে ফারুক হোসেন ঘষিয়াখালী নৌকা চালাতে যান। সকাল ৯টার দিকে টার্মিনালে নৌকা বেঁধে খাবার খাচ্ছিলেন তিনি। এ সময় এমভি কাজী সোনিয়া-১ নামের একটি পণ্যবাহী কার্গো নিয়ন্ত্রণ হারিয়ে টার্মিনালের ওপর উঠে যায়। এতে টার্মিনালের পাশে থাকা লোহার পিলার ভেঙে পড়ে। পিলারের চাপায় ফারুক ঘটনাস্থলে মারা যান। সেই সাথে তার একটি হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। নৌকাটিও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন তার স্ত্রী জাহানারা বেগম।

তিনি বলেন, ‘কার্গোটি আমার স্বামীকে খেয়েছে। আমাদের আয়ের একমাত্র সম্বল নৌকা সেটাও ধ্বংস করেছে। এখন একমাত্র ছেলেকে নিয়ে আমি কীভাবে সংসার চালাব। আমি স্বামী হত্যার সঠিক বিচার চাই।

সূত্র: নয়াদিগন্ত


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/118458 ,   Print Date & Time: Monday, 23 February 2026, 09:21:28 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group