• হোম > জাতীয় > পুরো রাজধানীকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

পুরো রাজধানীকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

  • শনিবার, ২৮ মে ২০২২, ১৬:০৮
  • ৪২৩

সংগৃহীত ছবি

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‌‘পুরো রাজধানীকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হবে। এতে ঢাকা শহরের ট্রাফিক ও ক্রাইম নিয়ন্ত্রণসহ প্রায় সব কাজে বিশেষ সুবিধা পাওয়া যাবে।’

আজ শনিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত নিরাপদ সড়ক চাই (নিসচা) এর ৯ম মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা উদ্যোগ নিচ্ছি ঢাকাকে নিরাপদ শহর করার জন্য। আমরা যদি এটা পারি, এরপর চট্টগ্রাম ও রাজশাহীকে করব। সেই লক্ষ্যে কাজ করছি। এতে আমরা বিশেষ করে ট্রাফিক ও ক্রাইম নিয়ন্ত্রণসহ সবকিছুতেই সুবিধা পাব।’

‘নিরাপদ সড়ক সবাই চায়, আমিও চাই। আমাদের মনমানসিকতার পরিবর্তন করতে হবে। ট্রাফিক আইন মানতে হবে। আমাদের সিটবেল্ট ব্যবহার ও সড়কে গতি নিয়ন্ত্রণ করতে হবে। আমরা অনেকেই সেটি করি না। আমাদের আইন মেনে চলার প্রবণতা নিয়ে কাজ করতে হবে। আইন অমান্য করলে পুলিশ দিয়ে জেলখানায় ভরলাম, জরিমানা করলাম, তার চেয়ে বেশি দরকার আমাদের সবার সচেতনতা’, বলেন তিনি।

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘আমরা যদি সচেতন হই, যদি আইন মেনে চলি, যদি বাস্তবতার নিরিখে কাজ করি, তবেই সফলতা আসবে এবং অবশ্যই আমরা তা পারব। আর সবাই সচেতন হলে দুর্ঘটনা ও মৃত্যুহার কমবে।’

মহাসমাবেশে নিসচার প্রতিষ্ঠাতা সভাপতি ইলিয়াস কাঞ্চন নিরাপদ সড়ক চাইয়ের ১১১টি সুপারিশ বাস্তবায়নের দাবি জানান।

সূত্র: বিডি প্রতিদিন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/118815 ,   Print Date & Time: Monday, 4 May 2026, 05:55:02 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group