• হোম > রংপুর > আনসারুল্লাহ বাংলা টিমের ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড

আনসারুল্লাহ বাংলা টিমের ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড

  • মঙ্গলবার, ৩১ মে ২০২২, ১৬:৫১
  • ৪৮০

প্রতীকী ছবি

লালমনিরহাটের অস্ত্র আইন-বিস্ফোরক দ্রব্য আইনে আনসারুল্লাহ বাংলা টিমের দুই সদস্যের যাবজ্জীবন ও ১০ বছর এবং তিন সদস্যের ১০ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৩১ মে) বিকেলে লালমনিরহাট আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আকমল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুরে বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক ও জেলা দায়রা জজ মো. মিজানুর রহমান এ আদেশ দেন। এ সময় প্রত্যেকের ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

যাবজ্জীবন প্রাপ্ত ব্যক্তিরা হলেন, কালীগঞ্জ থানার মুশরত মদাতী এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে হাসান আলী, একই এলাকার আব্দুল জলিলের ছেলে আসমত আলী।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, কালীগঞ্জ উপজেলার চরভোটমারী এলাকার মুনছার আলীর ছেলে শাফিউল ইসলাম, কালীগঞ্জের মুশরাত মদাতী এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে নাইম মিস্টার এবং একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে আলী হোসেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালে ৩০ অক্টোবরে লালমনিরহাটের কালীগঞ্জের মুশরত মদাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বাড়িতে নাশকতামূলক গোপন বৈঠক চলাকালে নিষিদ্ধ সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের ৫ সদস্যকে আটক করে র‌্যাব-১৩। এ সময় হাসান আলী ও আসমত আলীর কাছ থেকে বিদেশি পিস্তল, ফায়ারিং পিন ও টিগারযুক্ত একটি ম্যাগজিন ও ২টি তাজা গুলি জব্দ করা হয়। এদিকে দীর্ঘ সময় ধরে মামলার সাক্ষী ও প্রমাণাদি পর্যালোচনা করে আজ মঙ্গলবার আদালত এ রায় ঘোষণা করেন।

লালমনিরহাট আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আকমল হোসেন বলেন, আজ মঙ্গলবার দুপুরে আনসারুল্লাহ বাংলা টিমের দুই সদস্যকে অস্ত্র-বিস্ফোরক আইনে যাবজ্জীবন ও ১০ বছর এবং ৩ সদস্যের বিস্ফোরক আইনে ১০ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/118995 ,   Print Date & Time: Wednesday, 12 August 2026, 03:57:00 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group