• হোম > আইন-অপরাধ | রাজশাহী > সিরাজগঞ্জে শিশু হত্যা: যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

সিরাজগঞ্জে শিশু হত্যা: যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

  • মঙ্গলবার, ৩১ মে ২০২২, ১৯:২৯
  • ৬৭২

ফাইল ছবি

সিরাজগঞ্জে ছয় বছর বয়সী এক শিশুকে শ্বাসরোধে হত্যার দায়ে মদন চন্দ্র ভৌমিক নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে, আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার (৩১ মে) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক মো. এরফান উল্লাহ এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত মদন চন্দ্র জেলার সলঙ্গা থানার চৌধুরী ঘুঘাট গ্রামের কুঠিশ্বর ভৌমিকের ছেলে।

বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক মো. মোস্তফা কামাল।

মামলা সূত্রে জানা যায়, ২০১০ সালের ১১ অক্টোবর বিকেলে জেলার রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানার চৌধুরী ঘুঘাট গ্রামের শ্রী সুকুমার চন্দ্রের ছেলে শুভকে গাছ থেকে গাব পেড়ে দেওয়ার কথা বলে ডেকে নিয়ে আসেন মদন চন্দ্র।

পরে সন্ধ্যায় শুভকে শ্বাসরোধে হত্যা করে একই গ্রামের ভবানী চন্দ্রের বাঁশঝাড়ে মরদেহ ফেলে পালিয়ে যান তিনি। এ ঘটনায় শুভর বাবা শ্রী সুকুমার চন্দ্র বাদী হয়ে মদন চন্দ্র ও তার বাবা কুটিশ্বর ভৌমিক এবং মা সুমতি রানীকে আসামি করে সলঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর থেকেই আসামি মদন চন্দ্র পলাতক রয়েছেন। মামলায় ১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় প্রদান করেন। অন্যদিকে তার মা-বাবার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর দুই আসামি মদন চন্দ্রের বাবা ও মাকে খালাস দিয়েছেন আদালত।

কোর্ট পরিদর্শক মোস্তফা কামাল ঢাকা পোস্টকে বলেন, আসামি পলাতক থাকায় তার অনুপস্থিতিতেই আদালত এই রায় ঘোষণা করেন। তবে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা আছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/119009 ,   Print Date & Time: Thursday, 20 August 2026, 07:32:42 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group