• হোম > আওয়ামীলীগ > আ.লীগের জাতীয় সম্মেলন ডিসেম্বরের মধ্যে: প্রধানমন্ত্রী

আ.লীগের জাতীয় সম্মেলন ডিসেম্বরের মধ্যে: প্রধানমন্ত্রী

  • বুধবার, ১ জুন ২০২২, ১৯:৩৯
  • ৪৬৪

সংগৃহীত ছবি

এ বছরের ডিসেম্বরের মধ্যে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, ‘তৃণমূল পর্যায় থেকে উন্নয়ন করছি। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি।’

বুধবার (১ জুন) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সভায় সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘‘নির্বাচনি ইশতেহার ঘোষণা দিয়ে নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করে আমরা সেটা ভুলে যাই না। প্রতিবার বাজেট ঘোষণার সময় সেই ইশতেহার হাতে নিয়ে কতটুকু অর্জন করতে পারলাম, কতটুকু আমাদের সামনে করতে হবে, সেগুলো বিবেচনা করে সেভাবেই বাজেট করি।’’

তিনি আরও বলেন, ‘‘আমরা তৃণমূল থেকে উন্নয়ন করেছি। আজ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। পদ্মা সেতু একটা চ্যালেঞ্জ ছিল। সততা ছিল বলেই এই চ্যালেঞ্জ নিতে পেরেছি। নিজের অর্থে সেই সেতু করেছি। ২৫ জুন উদ্বোধন করবো, ইনশাআল্লাহ। কানাডা কোর্ট রায়ে বলেছে-সব অভিযোগ ভুয়া ও মিথ্যা।’’

পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের অর্থায়ন বন্ধে ড. ইউনূসের সংশ্লিষ্টতার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘‘ড. ইউনূস এটা করেছে শুধু গ্রামীণ ব্যাংকের এমডি পদের জন্য। ৭১ বছর বয়স পর্যন্ত ড. ইউনূস বেআইনিভাবে গ্রামীণ ব্যাংকের এমডি থেকেছে। এ নিয়ে মামলা করে সে হেরে যায়। বিশ্বব্যাংক তার কথায় ফান্ড বন্ধ করে দেয়। পরে আমরা নিজস্ব অর্থায়নে করি। দেশের ৯০ ভাগ উন্নয়ন নিজস্ব অর্থায়নে করছি। বাংলাদেশ আজ বদলে গেছে।’’

প্রধানমন্ত্রী বলেন, ‘‘৭৫-এর ১৫ আগস্টের পর বিশ্বে বাংলাদেশের অবস্থা দুঃখজনক ছিল। কারণ, ক্ষমতা তো জনগণের হাতে ছিল না। ক্ষমতা চলে গিয়েছিল সেই মিলিটারি ডিকটেটরদের হাতে। উর্দি পরে ক্ষমতা দখল করতো। যার ফলে দেশের উন্নয়ন না হয়ে তারা তাদের উন্নয়ন করেছে। ১৯/২০টা ক্যু হয়। শিক্ষা প্রতিষ্ঠানে অস্ত্রের ঝনঝনানি ছিল, সেশনজট ছিল।’’


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/119061 ,   Print Date & Time: Sunday, 1 February 2026, 03:20:49 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group