• হোম > খেলা > ব্রাজিলের অনুশীলনে হাতাহাতি

ব্রাজিলের অনুশীলনে হাতাহাতি

  • সোমবার, ৬ জুন ২০২২, ০৯:৪১
  • ৪৩১

---

জাপানের বিপক্ষে মাঠে নামার আগে সংবাদের শিরোনাম হলো ব্রাজিল দল। দলীয় অনুশীলনের সময় হাতাহাতিতে জড়িয়েছেন ব্রাজিলের দুই তারকা ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়র ও রিচার্লিসন! তাদের হাতাহাতির ছবি এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

জাপানের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের আগে নিজেদের ঝালিয়ে অনুশীলন করছিল ব্রাজিল দল। এর মধ্যেই ঘটে ওই অপ্রীতিকর ঘটনা। তবে ঘটনার সূত্রপাত কি নিয়ে তা এখনও পরিষ্কার নয়।

ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে, কিছু একটা নিয়ে তর্ক চলছে ভিনিসিয়ুস ও রিচার্লিসনের মধ্যে। এরপর তারা রাগে একে অন্যের শার্ট টেনে ধরেন। তাদের এমন কাণ্ডে হতবাক পিএসজি তারকা নেইমার জুনিয়র ছুটে আসেন ঝগড়া থামাতে। তার সঙ্গে যোগ দেন বার্সেলোনার রাইট-ব্যাক দানি আলভেসও।

নেইমার-আলভেসদের চেষ্টা সত্ত্বেও রিচার্লিসন আরও আগ্রাসী হয়ে ওঠেন। নেইমারের হাত ছাড়িয়ে ভিনিসিয়ুসের গলা চেপে ধরেন এভারটনের উইঙ্গার। এরপর বাকিরা মিলে তাদের জোর করে আলাদা করেন এবং দূরে সরিয়ে নিয়ে যান।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য সান’ জানিয়েছে, জাপানের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের আগে নিজেদের ঝালিয়ে অনুশীলন করছিল ব্রাজিল দল। এর মধ্যেই ঘটে ওই অপ্রীতিকর ঘটনা। তবে ঘটনার সূত্রপাত কি নিয়ে তা এখনও পরিষ্কার নয়।

ছবিগুলো প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগের মাধ্যমে তুমুল আলোচনার সৃষ্টি হয়েছে। যদিও এ ঘটনা নিয়ে ব্রাজিল ফুটবল কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

কিছুদিন আগেই রিয়াল মাদ্রিদের জার্সিতে চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতায় ভিনিসিয়ুসকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছিলেন রিচার্লিসন। লিভারপুলের বিপক্ষে প্যারিসের ফাইনালে রিয়ালের জয়সূচক গোলটিও এসেছিল ভিনিসিয়ুসের পা থেকেই।

এরপর গত বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে ব্রাজিলের ৫-০ ব্যবধানে জয়ে প্রথম গোলটি করেছিলেন রিচার্লিসন। ব্রাজিলের জার্সিতে ৩৫ ম্যাচে যা তার ১৪তম গোল। অন্যদিকে ওই ম্যাচে জোড়া গোল করেছিলেন নেইমার।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/119235 ,   Print Date & Time: Monday, 6 April 2026, 04:45:17 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group