• হোম > বিনোদন > বুঝি না আমার হলো কি : মাহিয়া মাহি

বুঝি না আমার হলো কি : মাহিয়া মাহি

  • মঙ্গলবার, ১৪ জুন ২০২২, ১২:১৬
  • ৫৩৩

মাহিয়া মাহি

সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত বিভিন্ন স্ট্যাটাস ও ছবি-ভিডিও শেয়ার করে ভক্তদের মাতিয়ে রাখেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। বিভিন্ন সময় তার পোস্ট ভাইরাল হয়েছে। বিশেষ করে ড্রয়িং রুমের সোফায় বসে মাহির ভুনা খিচুড়ি রান্না করা বেশ উপভোগ করেছেন নেটিজেনরা।

আপাতত সিনেমায় ব্যস্ততা কমিয়ে গাজীপুরে গড়ে তোলা নিজের রেস্তোরাঁয় সময় দিচ্ছেন মাহি। তবে ব্যস্ততা যতই থাকুক, সোশ্যাল মিডিয়ায় নিজের উপস্থিতি জানান দেন ঠিকই।

সবশেষ ফেসবুক স্ট্যাটাসে মাহিয়া মাহি লিখেছেন, ‘বুঝি না আমার হলো কি, চারপাশে শুধু তোমাকেই দেখি।’ সঙ্গে ভালোবাসার ইমোজি।

মাহির প্রতিটি পোস্টেই তার স্বামী রাকিব সরকারের মন্তব্য নজর কাড়ে। ওই পোস্টেও তার মন্তব্য বাদ পড়েনি। রাকিব লিখেছেন, ‘জটিল রোগ’। স্ত্রীর সঙ্গে মিল রেখে তিনিও যোগ করেন ভালোবাসার ইমোজি। স্বামীর মন্তব্যের জবাবে হাসির ইমোজি দিয়েছেন নায়িকা।

ওই স্ট্যাটাস দেওয়ার চার ঘণ্টা আগে একটি পোস্টে নিজের ৬টি ছবি যুক্ত করেন মাহি। ক্যাপশনে লেখেন, ‘বেশি না মাত্র ৬টা ছবি দিয়েছি। আমি আবার বেশি ছবি পোস্ট করতে পারি না, একটা পার্সোনালিটি আছে না?’ সেই পোস্টেও রাকিব লিখেছেন, ‘২৫-৩০টা দিলেও বেশি হতো না।’

এদিকে কিছুদিন আগে গুঞ্জন ওঠে, নিজেকে অভিনয় থেকে গুটিয়ে নিচ্ছেন মাহি। এ প্রসঙ্গে একটি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নায়িকা জানিয়েছেন, ‘ব্যবসার সঙ্গে যুক্ত হয়েছি বলে অভিনয় ছাড়ছি, এমন কিছুই নয়। আগে একসঙ্গে অনেক ছবিতে কাজ করেছি। কিন্তু এখন বছরে একটি বা দুটি সিনেমায় অভিনয়ের সিদ্ধান্ত নিয়েছি।’

নায়িকা আরও জানান, তার মাথায় আরেকটি ব্যবসায়িক ভাবনা এসেছে। তিনি প্রযোজক হতে চান। অর্থাৎ সিনেমায় অর্থলগ্নি করবেন। নিজের প্রযোজিত প্রথম সিনেমায় নায়ক চরিত্রে স্বামী রাকিব সরকারকেই নিতে চান তিনি। তবে কবে নাগাদ তিনি প্রযোজনায় নামবেন, সে প্রসঙ্গে স্পষ্ট কিছু জানাননি মাহি।

প্রসঙ্গত, ব্যবসায়ী ও রাজনীতিবিদ রাকিব সরকারকে স্বামী হিসেবে পেয়ে স্বপ্নপূরণ হয়েছে মাহির। স্বামীকে নিয়ে ওমরাহ করে এসেছেন এই নায়িকা। প্রায়ই বিভিন্ন জায়গায় ঘুরতে যান তারা। কখনো বন্ধুদের সঙ্গে, আবার কখনো শুধু তারা দুজনে। সব মিলিয়ে দারুণ জমে উঠেছে মাহি-রাকিবের দাম্পত্য জীবন। সোশ্যাল মিডিয়ায় মাহির করা বিভিন্ন পোস্ট থেকে স্পষ্ট বোঝা যায়, বিয়ের পর স্বামীকে নিয়ে বেশ সুখেই আছেন তিনি। এই দম্পতির ভালোবাসার নমুনা প্রতিনিয়ত দেখছে নেটিজেনরা।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/119760 ,   Print Date & Time: Wednesday, 25 February 2026, 11:31:41 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group