• হোম > জাতীয় | স্বাস্থ্যকথা > মৃত্যু নেই, একদিনে ৪৩৩ জনের করোনা শনাক্ত

মৃত্যু নেই, একদিনে ৪৩৩ জনের করোনা শনাক্ত

  • শুক্রবার, ১৭ জুন ২০২২, ১৮:২২
  • ৮৪৩

ফাইল ছবি

দেশে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ৪৩৩ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। তবে এই সময়ে করোনায় আক্রান্ত কারও মৃত্যু হয়নি।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় শনাক্ত ৪৩৩ জন নিয়ে দেশে এ পর্যন্ত করোনায় সংক্রমিত মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৫ হাজার ৪২৭ জনে। তবে সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত কারো মৃত্যু না হওয়ায় মৃতের সংখ্যা ২৯ হাজার ১৩১ জনে অপরিবর্তিত রয়েছে।

এর আগে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশে ৩৫৭ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছিল। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ছিল ৫ দশমিক ৭৬ শতাংশ।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারাদেশে ৬ হাজার ৯০৫টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ৬ দশমিক ২৭ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সারাদেশে সরকারি হিসাবে সেরে উঠেছেন ৯৩ জন। এ নিয়ে এখন পর্যন্ত ১৯ লাখ ৫ হাজার ৭১১ জন সুস্থ হয়েছেন।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম কারো মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/119928 ,   Print Date & Time: Monday, 3 August 2026, 04:38:13 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group