• হোম > জাতীয় > পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষ্যে ১০০ টাকার স্মারক নোট

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষ্যে ১০০ টাকার স্মারক নোট

  • শুক্রবার, ২৪ জুন ২০২২, ১০:১৮
  • ৫২২

১০০ টাকার স্মারক নোট

পদ্মাসেতুর উদ্বোধন উপলক্ষে বাংলাদেশ ব্যাংক ১০০ টাকা মূল্যমানের স্মারক নোট মুদ্রণ করেছে। ২৬ জুন থেকে নোটটি বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস এবং পরে অন্যান্য শাখা অফিসে পাওয়া যাবে। বৃহস্পতিবার রাতে (২৩ জুন) সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির স্বাক্ষরিত ১৪৬ মিমি দৈর্ঘ্যের এবং ৬৩ মিমি প্রস্থের এ স্মারক নোটের সামনের দিকে বামপাশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতি এবং ব্যাকগ্রাউন্ডে পদ্মা সেতুর ছবি মুদ্রিত থাকবে।

নোটের উপরিভাগে সামান্য ডানে নোটের শিরোনাম ‘জাতির গৌরবের প্রতীক পদ্মা সেতু’ লেখা রয়েছে। এছাড়া, নোটের ওপরের দিকে ডান কোণে স্মারক নোটের মূল্যমান ইংরেজিতে ‘১০০’, নিচে ডানকোণে মূল্যমান বাংলায় ‘৳১০০’ এবং উপরিভাগে মাঝখানে ‘একশত টাকা’ লেখা রয়েছে। নোটের পেছনভাগে পদ্মা সেতুর পৃথক একটি ছবি ছাপা হয়েছে।

এছাড়া, নোটের উপরে বামকোণে ও নিচের ডানকোণে মূল্যমান ইংরেজিতে ‘১০০’ এবং নিচে বামকোণে বাংলায় ‘৳১০০’ লেখা থাকবে। কটন কাগজে মুদ্রিত ১০০ টাকা মূল্যমান স্মারক নোটটির সম্মুখভাগে বঙ্গবন্ধুর প্রতিকৃতির বামে ৪ মিলিমিটার চওড়া নিরাপত্তা সুতা রয়েছে এবং নোটের ডানদিকে জলছাপ এলাকায় ‘বঙ্গবন্ধুর প্রতিকৃতি’, ‘২০০’ এবং ‘বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম’ মুদ্রিত রয়েছে। নোটের উভয় পৃষ্ঠে ভার্নিশের প্রলেপ সংযোজন করা হয়েছে।

১০০ টাকা মূল্যমান স্মারক নোটটির জন্য পৃথকভাবে বাংলা ও ইংরেজি লিটারেচার সম্বলিত ফোল্ডার প্রস্তুত করা হয়েছে। ফোল্ডার ছাড়া শুধুমাত্র খামসহ স্মারক নোটটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৳১৫০ টাকা মাত্র এবং ফোল্ডার ও খামসহ স্মারক নোটটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৳২০০ টাকা।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/120265 ,   Print Date & Time: Friday, 9 October 2026, 09:42:45 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group