• হোম > আইন-অপরাধ > ১৬ বছরের মেয়েকে বিয়ে দিতে হাইকোর্টে বাবা, রুল জারি

১৬ বছরের মেয়েকে বিয়ে দিতে হাইকোর্টে বাবা, রুল জারি

  • শুক্রবার, ১ জুলাই ২০২২, ১৫:৫৩
  • ৬১৬

ফাইল ছবিরাজধানীর সবুজবাগের বাসিন্দা গুরুতর অসুস্থ মো. মাহবুবুল আলম বাদলের ১৬ বছরের মেয়ে ও নারায়ণগঞ্জের আব্দুল বাদশা সিকদারের ২৫ বছরের ছেলের বিয়ের ব্যবস্থা করতে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী ৩ সপ্তাহের মধ্যে আইন মন্ত্রণালয় সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিবসহ সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

বুধবার (২৯ জুন) এ সংক্রান্ত রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইলিয়াস আলী মন্ডল। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

জানা গেছে, বাল্য বিবাহ আইনের ১৯ ধারায় বলা আছে, বিশেষ পরিস্থিতিতে অপ্রাপ্তবয়স্ক ছেলে মেয়েকে বিয়ে দেওয়া যাবে। তবে কোর্টের অনুমতি নিতে হবে। তবে কোন কোর্টে বিয়ের অনুমতি নিতে হবে আইনে সে বিষয়ে উল্লেখ নেই।

এ কারণে মাহবুবুল আলম বাদল গত ২০ মার্চ বিয়ের বিষয়ে ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসকের কাছে আবেদন করেন। সেখানে অনুমতি না পেয়ে মেয়ের বাবা মো. মাহবুবুল আলম বাদল হাইকোর্টে রিট দায়ের করেন।

রিট আবেদনে বলা হয়েছে, আমি মাহবুবুল আলম কন্যার পিতা দীর্ঘদিন ধরে হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন। মৃত্যুর আগে পিতা হিসেবে সৎপাত্রে কন্যা দান করা আমার সর্বোত্তম ও শেষ ইচ্ছা। বিয়ের বিষয়টি উভয় পরিবারের পূর্ণ সম্মতিতে চূড়ান্ত হয়েছে। তাই সামাজিক-পারিপার্শ্বিক ও আমার অসুস্থতার কথা বিবেচনা করে যত তাড়াতাড়ি সম্ভব উক্ত বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা প্রয়োজন। এ জন্য আইনত অনুমতি একান্ত প্রয়োজন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/120850 ,   Print Date & Time: Sunday, 9 August 2026, 04:09:03 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group