• হোম > জাতীয় > কেউ যেন কষ্ট না পায়, তা নিশ্চিত করতে হবে : প্রধানমন্ত্রী

কেউ যেন কষ্ট না পায়, তা নিশ্চিত করতে হবে : প্রধানমন্ত্রী

  • মঙ্গলবার, ৫ জুলাই ২০২২, ০৯:৩৮
  • ৪৬৫

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমার একটা নেতাকর্মী যেন কোনো কষ্ট না পায়, দেশের মানুষ যেন কষ্ট না পায়, আমরা সেই ব্যবস্থা করে দিচ্ছি।’

তিনি বলেন, ‘কোনো এলাকায় যেন কোনো একটা মানুষও গরিব না থাকে, ভিক্ষা করে খেতে যেন না হয়, কেউ যেন কষ্ট না পায়, তাদের পাশে আমাদের দাঁড়াতে হবে। আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মীর এটা মাথায় রাখতে হবে যে, শুধু আমি খাবো, আমি ভালো থাকবো, আমি শান শওকতে থাকবো, আর আমার পাড়া প্রতিবেশী খাবে না- এটা যেন না হয়।’

আজ সোমবার গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের নতুন কার্যালয়ে টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘তার সরকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন অনুযায়ী, বাংলাদেশকে দারিদ্র্য ও ক্ষুধামুক্ত একটি উন্নত ও সমৃদ্ধ দেশে রূপান্তর করতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে।’

কেউ আর হতদরিদ্র, গৃহহীন ও ক্ষুধার্ত থাকবে না, সেজন্য সরকারের পদক্ষেপে জনগণের পাশে দাঁড়ানোর জন্য তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

প্রধানমন্ত্রী তার দলের কর্মীদের পাশাপাশি দেশবাসীকে মনে করিয়ে দেন যে, চলমান করোনাভাইরাস এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের দ্বিগুণ আঘাতের কারণে বিশ্ব এখন এক সংকটময় অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। কাজেই প্রতিটি ক্ষেত্রে বিশেষ করে বিদ্যুৎ ও জ্বালানি খাত ব্যবহারে মিতব্যয়ী হওয়ার জন্য তিনি সকলের প্রতি তার আহ্বান পুনর্ব্যক্ত করেন।

তিনি বলেন, ‘বিশ্বজুড়ে, এমনকি আমেরিকা এবং ইংল্যান্ডের মতো বড় দেশগুলো এখন খাদ্য সংকটে ভুগছে। আমরা এখনো ভালো অবস্থানে আছি এবং ভালো থাকার চেষ্টা করছি, এরজন্য দেশবাসীর সহযোগিতা প্রয়োজন।’

সূত্র : বাসস


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/121187 ,   Print Date & Time: Wednesday, 18 March 2026, 12:37:14 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group