• হোম > ব্যবসা বাণিজ্য > চামড়ার দাম এবার বেড়েছে

চামড়ার দাম এবার বেড়েছে

  • বৃহস্পতিবার, ৭ জুলাই ২০২২, ১০:৪৩
  • ৬০২

ছবি: সংগৃহীত

ঈদকে সামনে রেখে কোরবানির পশুর কাঁচা চামড়া সংগ্রহে দাম নির্ধারণ করে দিলো সরকার। নতুন দাম অনুযায়ী ট্যানারি মালিকদের এবার আগের তুলনায় প্রতি বর্গফুটে লবণযুক্ত গরুর চামড়া ৭ টাকা ও খাসির চামড়া ৩ টাকা বাড়তি দরে কিনতে হবে। অবশ্য এই দর ঢাকা ও ঢাকার বাইরে ভিন্ন হবে। এবার ঢাকায় লবণযুক্ত চামড়া কিনতে হবে ৪৭-৫২ টাকায়, যা গত বছর ৪০ থেকে ৪৫ টাকা বর্গফুট হিসেবে কিনেছিলেন ব্যবসায়ীরা।

এই দর তার আগের বছর বা ২০২০ সালে ছিল ৩৫ থেকে ৪০ টাকা। মঙ্গলবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চলতি বছরের দাম ঘোষণা করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বাণিজ্যমন্ত্রী জানান, ঢাকার বাইরে এবার সারা দেশে ট্যানারি মালিকরা লবণযুক্ত গরুর চামড়া কিনবেন ৪০ থেকে ৪৪ টাকা দরে। গত বছর এই দাম ছিল ৩৩-৩৭ টাকা। আর ২০২০ সালে ছিল ২৮ থেকে ৩২ টাকা বর্গফুট।

এ ছাড়া সারা দেশে লবণযুক্ত খাসির চামড়ার দর ৩ টাকা বাড়িয়ে প্রতি বর্গফুটের দাম নির্ধারণ করা হয়েছে ১৮ থেকে ২০ টাকা। গত বছর খাসির লবণযুক্ত চামড়ার দাম ছিল ১৫ থেকে ১৭ টাকা, যা ২০২০ সালে ছিল ১৩ থেকে ১৫ টাকা।

 

তবে এবার বকরির চামড়ার বর্গফুটপ্রতি দাম গত বছরেরটাই বহাল রাখা হয়েছে। গত বছর বকরির লবণযুক্ত চামড়ার দাম ছিল ১২ থেকে ১৪ টাকা, যা ২০২০ সালে ছিল ১০ থেকে ১২ টাকা। এদিকে এবার সংশ্লিষ্ট ব্যবসায়ীরাই প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম ৫ টাকা ও খাসির চামড়ার দাম ৩ টাকা বাড়ানোর প্রস্তাব করেন।

বাণিজ্যমন্ত্রী ব্যবসায়ীদের গরুর চামড়ার দাম প্রস্তাবের সঙ্গে দুই টাকা বাড়তি যোগ করে খাসির চামড়ার দাম ৩ টাকা অপরিবর্তিত রাখেন। ওদিকে ঈদুল আজহার পর সাতদিন পর্যন্ত ঢাকা অভিমুখে এবং এক জেলা থেকে আরেক জেলায় কোনো চামড়াবাহী যানবাহন চলাচল করতে পারবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বাণিজ্যমন্ত্রী বলেন, মাঠ পর্যায়ে সব ধরনের সহযোগিতা দেয়ার জন্য প্রশাসনকে নির্দেশনা দেয়া হয়েছে। আশা করা হচ্ছে, এবার কোরবানির চামড়া সংগ্রহ, সংরক্ষণ এবং নির্ধারিত মূল্যে ক্রয়-বিক্রয়ে কোনো ধরনের সমস্যা হবে না।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/121417 ,   Print Date & Time: Sunday, 5 July 2026, 03:46:27 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group