• হোম > ক্রিকেট | জাতীয় > রুবেলের কবর স্থায়ীভাবে সংরক্ষণের অনুমোদন দিলেন মেয়র আতিকুল

রুবেলের কবর স্থায়ীভাবে সংরক্ষণের অনুমোদন দিলেন মেয়র আতিকুল

  • বুধবার, ২৭ জুলাই ২০২২, ১৮:৪২
  • ৪৯৯

রুবেলের কবর স্থায়ীভাবে সংরক্ষণের অনুমোদন দিলেন মেয়র

প্রয়াত ক্রিকেটার রুবেলের কবর স্থায়ীভাবে সংক্ষরণের অনুমোদনের চিঠি তার পরিবারের কাছে হস্তান্তর করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। আজ বুধবার দুপুরে রাজধানীর গুলশান-২ এ নগর ভবনে রুবেলের স্ত্রী ফারহানা রহমান চৈতির হাতে অনুমোদনের চিঠি তুলে দেওয়া হয়।

ডিএনসিসি মেয়র বলেছেন, প্রয়াত ক্রিকেটার রুবেল জাতীয় দলের খেলোয়ার ছিলেন এটাই তার সবচেয়ে বড় পরিচয়। রুবেল ক্রিকেট খেলার মাধ্যমে বিশ্বে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন। ক্রিকেটার রুবেলের কবরটি দায়িত্ববোধ থেকেই দ্রুততম সময়ে স্থায়ীভাবে সংরক্ষণের ব্যবস্থা নিয়েছি।

আজ বুধবার দুপুরে রাজধানীর গুলশান-২ এ নগর ভবনে ক্রিকেটার রুবেলের কবরটি স্থায়ীভাবে সংরক্ষণের অনুমোদনের চিঠি তার পরিবারের কাছে হস্তান্তরকালে তিনি এ কথা বলেন। মেয়র আরও বলেন, রুবেল জাতীয় দলের খেলোয়ার এবং মেধাবী ছাত্র ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্লু-ব্যাজ পুরস্কার পেয়েছেন। রুবেল মারা যাওয়ার পর তার পরিবারের আকুতি ছিল কবরটি স্থায়ীভাবে সংরক্ষণের। আমরা পরিবারের আবেদনের প্রেক্ষিতে ৯০ দিনেরও কম সময়ের মধ্যে সকল প্রক্রিয়া সম্পন্ন করে অনুমোদনের চিঠি হস্তান্তর করতে পেরেছি।

মো. আতিকুল বলেন, প্রধানমন্ত্রী খেলা প্রিয় একজন মানুষ। খেলোয়ারদের যেকোনো সমস্যা উনি খুব গুরুত্বসহকারে দেখেন। রুবেলের পরিবার প্রধানমন্ত্রীর প্রতি আকুতি জানিয়েছিলেন কবরটি স্থায়ীভাবে সংরক্ষণের। সেটিকে সবোর্চ্চ গুরুত্ব দিয়ে দ্রুততম সময়ে আমরা কাজটি সম্পন্ন করেছি। রুবেলের একমাত্র ছেলেটি তার বাবার স্মৃতি স্মরণ করতে পারবে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/122466 ,   Print Date & Time: Monday, 16 March 2026, 06:15:32 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group