• হোম > আন্তর্জাতিক > ব্যাংক জালিয়াতিতে অভিযুক্তের বাড়িতে মিলল অগুস্তা হেলিকপ্টার

ব্যাংক জালিয়াতিতে অভিযুক্তের বাড়িতে মিলল অগুস্তা হেলিকপ্টার

  • রবিবার, ৩১ জুলাই ২০২২, ১৬:৪৪
  • ৫২৫

 ছবি: সংগৃহীত

ভারতের সবচেয়ে বড় ব্যাংক জালিয়াতির ঘটনায় অভিযুক্ত ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়েছে দেশটির সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই)। অভিযানে পাওয়া গেল একটি হেলিকপ্টার। তাও অন্য কোনো হেলিকপ্টার নয়, মিলেছে বিতর্কিত অগুস্তা ওয়েস্টল্যান্ড হেলিকপ্টার।

দিওয়ান হাউসিং ফিন্যান্স লিমিটেডে (ডিএইচএফএল) ৩৪ হাজার কোটি টাকার জালিয়াতি মামলায় অভিযুক্ত ব্যবসায়ী অবিনাশ ভোঁসলের পুণের বাড়িতে অভিযানে যায় সিবিআই। সেখানে হেলিকপ্টারটি বাজেয়াপ্ত করা হয়েছে।

সূত্রে খবর, ওই ব্যবসায়ীর বাড়িতে একটি সুবিশাল বিলাসবহুল ঘরের মধ্যে হ্যাঙ্গার করা ছিল। সেখানেই রাখা ছিল হেলিকপ্টারটি। ব্যাংক জালিয়াতির তদন্তে নেমে গত কয়েক দিন ধরেই একাধিক এলাকায় অভিযান চালাচ্ছে ভারতের কেন্দ্রীয় এ গোয়েন্দা সংস্থাটি।

ব্যাংক প্রতারণা মামলায় গত ২০ জুন ডিএইচএফএলের সাবেক শীর্ষ কর্তা কপিল ওয়াধাওয়ান, দীপক ওয়াধাওয়ানকে অভিযুক্ত করে সিবিআই। চলতি মাসের শুরুতে তাদের কাছ থেকে এক কোটিরও বেশি টাকার ২৫টি ঘড়ি, ৩৮ কোটি টাকার ৫৬টি ছবি বাজেয়াপ্ত করেছে সিবিআই। সেই বাজেয়াপ্তের তালিকায় অগুস্তা হেলিকপ্টারের নাম উঠে আসায় শোরগোল পড়ে গেছে।

রাজনৈতিক জোট ইউপিএ যখন ক্ষমতায় ছিল তখন অগুস্তা হেলিকপ্টার কেনাবেচায় দুর্নীতির অভিযোগ ওঠে। যা ঘিরে সরগরম হয় রাজনীতির ময়দান। পাল্টা আক্রমণে নেমেছিল কংগ্রেসও। তাদের দাবি ছিল, বাজপেয়ীর আমলেই ওই হেলিকপ্টার কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কংগ্রেসের আমলে চুক্তি সম্পন্ন হয়েছিল মাত্র।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/122732 ,   Print Date & Time: Thursday, 19 February 2026, 08:38:20 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group