• হোম > অর্থনীতি > পেট্রোবাংলার সব ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করল এনবিআর

পেট্রোবাংলার সব ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করল এনবিআর

  • শনিবার, ৬ আগস্ট ২০২২, ১২:১৭
  • ২৬০৭

 ছবি: সংগৃহীত

গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন বা পেট্রোবাংলার সব ব্যাংক অ্যাকাউন্ট অপরিচালনযোগ্য বা ফ্রিজ করেছে এনবিআরের বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ) ভ্যাট।

পেট্রোবাংলার ভ্যাট বাকি থাকায় তাদের সব ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে।পেট্রোবাংলার সব ধরনের অ্যাকাউন্ট ফ্রিজ করার নির্দেশনা দিয়ে গত ২৯ জুন ব্যাংকগুলোতে চিঠি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের অধীন এ সংস্থাটি।

চিঠিতে বলা হয়েছে, ভ্যাট বাবদ পেট্রোবাংলার কাছে সরকারের পাওনা রয়েছে ৯৯৪ কোটি ২৪ লাখ টাকা।

এ ছাড়া তাদের অ্যাকাউন্টে কোনো টাকা থাকলে তা কেটে নিয়ে এনবিআরের অ্যাকাউন্টে জমা করার নির্দেশনা দেওয়া হয়েছে।

ভ্যাট কর্মকর্তারা জানিয়েছেন, ভ্যাট ও সম্পূরক শুল্ক বাবদ পেট্রোবাংলার কাছে অনেক টাকা রাজস্ব আটকে আছে। দুই প্রতিষ্ঠানের মধ্যে কিছু বিষয়ে হিসাব নিয়ে মতবিরোধ রয়েছে। যেগুলো নিয়ে নিরীক্ষা, শুনানি চলছে। কিন্তু ৯৯৪ কোটি টাকা পাওনার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হলেও পেট্রোবাংলা সেটি পরিশোধ করছে না। বারবার তাগাদা দেওয়ার পরও তারা টাকা পরিশোধের কোনো উদ্যোগ নেয়নি। তাই বাধ্য হয়ে অ্যাকাউন্ট ফ্রিজ করে টাকা কেটে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এলটিইউ, ভ্যাট।

এ বিষয়ে পেট্রোবাংলার চেয়ারম্যান নাজমুল আহসান গণমাধ্যমকে বলেন, অ্যাকাউন্ট ফ্রিজ করার বিষয়ে তিনি কিছু জানেন না।

সর্বশেষ গত অর্থবছরের এপ্রিল পর্যন্ত পেট্রোবাংলার কাছে বকেয়া ভ্যাটের পরিমাণ ২২ হাজার ৯৭৭ কোটি টাকা।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/123136 ,   Print Date & Time: Saturday, 25 July 2026, 11:17:47 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group