• হোম > চট্টগ্রাম | বাংলাদেশ > লক্ষ্মীপুরে আদালতে আইনজীবীদের হামলায় ৪ বিচারপ্রার্থী আহত

লক্ষ্মীপুরে আদালতে আইনজীবীদের হামলায় ৪ বিচারপ্রার্থী আহত

  • সোমবার, ৮ আগস্ট ২০২২, ১৫:২৬
  • ৪৪৪

ছবি: সংগৃহীত

 লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে জজ আদালত প্রাঙ্গণে হামলা চালিয়ে একই পরিবারের ৪ জনকে মারধর করেছেন আইনজীবীরা। সোমবার (৮ আগস্ট) সকাল সাড়ে ১০ টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। পূর্ব শত্রুতার জের ধরে আইনজীবী সৈয়দ ফখরুল আলম নাহিদসহ তার ৮-১০ জন সহকর্মী এ হামলা চালায় বলে যানা যায়।

এই ঘটনার ভিডিও করতে গেলে সাংবাদিকদের ওপর ক্ষিপ্ত হয়ে উঠেন আইনজীবী আরীফুন নবী চৌধুরী রাসেল।

এসময় যমুনা টিভির জেলা প্রতিনিধি আনিছ কবির লাঞ্চিত হয়।

মারধরে আহতরা হলেন, মোহাম্মদ উল্লাহ (৬০), তার স্ত্রী আফরোজা বেগম (৫০), মেয়ে মাহিয়া আক্তার (২২) ও ছেলে আব্বাস হোসেন (২৮)। তারা রামগতি উপজেলার পশ্চিম চর কলাকোপা গ্রামের বাসিন্দা। কোর্ট পুলিশ তাদেরকে উদ্ধার করে এজলাসে নিয়ে যান।

আইনজীবী নাহিদ জেলা কৃষকদলের সাবেক সদস্য সচিব ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোহাম্মদ শামছুল আলমের ছেলে।

আহতরা জানায়, আইনজীবী নাহিদদের সঙ্গে তাদের জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। নাহিদদের একটি মামলায় ঘটনার সময় তারা আদালতে হাজিরা দিতে আসেন। নাহিদ আগ থেকে হামলার প্রস্তুতি নিয়ে রেখেছে। পূর্বপরিকল্পিতভাবে আইনজীবীরা তাদের ওপর হামলা করেছে।

সাংবাদিক আনিছ কবির বলেন,খবর পেয়ে পেশাগত কাজে ঘটনাস্থলে গেলে অভিযুক্ত আইনজীবি নাহিদ ও তার সহকর্মী রাসেল আমার উপর চড়াও হয়। এছাড়া আমাকে দেখে নেবে বলে শাসিয়ে দেয়।

অভিযুক্ত আইনজীবী ফখরুল আলম নাহিদ বলেন, আমি এসব ঘটনার কিছুই জানি না।

লক্ষ্মীপুর আইনজীবী সমিতির সভাপতি নুরুল হুদা পাটওয়ার বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিচ্ছি।

প্রসঙ্গত, গেল ১১ জুন সন্ধ্যায় চর কলাকোপা গ্রামে জমি সক্রান্ত বিরোধের সালিসি বৈঠকে প্রতিপক্ষের লোকজন আইনজীবী নাহিদকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। পরে ওই ঘটনায় তিনি মামলা দায়ের করেন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/123359 ,   Print Date & Time: Wednesday, 18 March 2026, 06:23:07 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group