• হোম > আন্তর্জাতিক > গাজায় হামলা থামাতে বিশ্ববাসীর প্রতি বাংলাদেশের আহ্বান

গাজায় হামলা থামাতে বিশ্ববাসীর প্রতি বাংলাদেশের আহ্বান

  • মঙ্গলবার, ৯ আগস্ট ২০২২, ০৯:৫২
  • ৫১২

 ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজা এবং আল আকসা মসজিদে নারী-শিশুসহ বেসামরিক লোকজনের ওপর ইসরায়েলি বাহিনীর সহিংস হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। এসময় তীব্র নিন্দা জানানো হয় বাংলাদেশের পক্ষ থেকে।

সোমবার (৮ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ নিন্দা এবং উদ্বেগের কথা জানানো হয়।

গত চারদিন ধরে গাজায় উপত্যকায় হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। এতে প্রাণ হারিয়েছেন ৪৩ জন ফিলিস্তিনি। এর মধ্যে ১৫ শিশু ও চারজন নারী রয়েছেন। এছাড়া আহত হয়েছেন তিন শতাধিক ফিলিস্তিনি।

বিবৃতিতে বলা হয়, এই সহিংস প্রাণঘাতী আক্রমণের ঘটনা সারাবিশ্বকে গভীরভাবে উদ্বিগ্ন করেছে। ইসরায়েলি দখলদারদের কবলে থাকা অঞ্চলে এ ধরনের নৃশংস হামলা বন্ধ করতে দীর্ঘস্থায়ী ও কার্যকর পদক্ষেপ গ্রহণে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি বাংলাদেশ আহ্বান জানায়।

ফিলিস্তিনিদের সার্বভৌম ও স্বাধীন রাষ্ট্র লাভের অনস্বীকার্য অধিকারকে বাংলাদেশ দৃঢ়ভাবে সমর্থন করে মন্তব্য করে বিবৃতিতে বলা হয়, ‌‘দ্বি-রাষ্ট্র সমাধান’র ভিত্তিতে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে বাংলাদেশ তার অবস্থান পুনর্ব্যক্ত করছে।

২০২১ সালের মে মাসে ১১ দিন ধরে সহিংসতার পর গত চার দিনের ঘটনা ফিলিস্তিনে ইসরায়েলের বড় আগ্রাসনের ঘটনা। সে বছর দুই শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছিলেন।

ইসরায়েল তাদের এই চলমান অভিযানের নাম দিয়েছে ‘ব্রেকিং ডন’। তারা এক সপ্তাহ ধরে এই অভিযান চলতে পারে বলে সতর্ক করে দিয়েছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/123413 ,   Print Date & Time: Friday, 13 February 2026, 01:00:06 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group