• হোম > শিক্ষাঙ্গন > জাতীয় শোক দিবস উপলক্ষে মিরপুর সাইন্স কলেজে আলোচনা সভা ও দোয়া মাহফিল

জাতীয় শোক দিবস উপলক্ষে মিরপুর সাইন্স কলেজে আলোচনা সভা ও দোয়া মাহফিল

  • সোমবার, ১৫ আগস্ট ২০২২, ১৬:২৭
  • ৭৬৬

জাতীয় শোক দিবস উপলক্ষে মিরপুর সাইন্স কলেজে আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখছেন অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যক্ষ আনোয়ার হোসেন রিপন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২২ উপলক্ষে মিরপুর সাইন্স কলেজে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ আগস্ট) মিরপুর সাইন্স কলেজ অডিটোরিয়ামে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর সাইন্স কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আনোয়ার হোসেন রিপন। মিরপুর সাইন্স কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক কাজী তানভীর হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর সাইন্স কলেজের কার্যনির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সদস্য শিপন আলী।

বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন, পদার্থ বিজ্ঞান বিভাগের প্রদর্শক তাশরিক আল আমিন ধ্রুব, ইংরেজি বিভাগের প্রভাষক ফারহানা আক্তার, বাংলা বিভাগের প্রভাষক মুসাফির রাহাত, প্রশাসনিক কর্মকর্তা মাহমুদুল হক খোকন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মিরপুর সাইন্স কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আনোয়ার হোসেন রিপন বলেন, ১৫ আগষ্ট বাঙ্গালি জাতির এক বেদনা বিধুর দিন। এই দিন ভোর রাতে একদল বিপথগামী সেনা সদস্যের হাতে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যরা নির্মমভাবে নিহত হন। নারী, শিশুসহ এ ধরনের হত্যাকান্ড পৃথিবীতে বিরল। প্রবাসে থাকার কারণে ঘাতকদের হাত থেকে ভাগ্যক্রমে বেঁচে যান বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা।

বঙ্গবন্ধুর আদর্শের কথা উল্লেখ করে তিনি বলেন, আজ বঙ্গবন্ধু আমাদের মাঝে বেঁচে নেই কিন্ত তার আদর্শ আমাদের মাঝে রয়ে গেছে। তার আদর্শের কোন দিন মৃত্যু হবে না। বঙ্গবন্ধু যে ক্ষুধা ,দারিদ্রমুক্ত সোনার বাংলার স্বপ্ন দেখতেন তার বাস্তবায়ন সম্ভব যদি তার আদর্শ, তার নীতি আমরা পুরোপুরি মেনে চলতে পারি। মুক্তিযুদ্ধের চেতনা ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে হলে বঙ্গবন্ধুর চেতনা ও আদর্শ আমাদের হৃদয়ে ধারণ করতে হবে।

শিক্ষার্থীদের আগামী দিনের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠার জন্য বেশি করে বঙ্গবন্ধুর জীবনী, তার রচিত বই পাঠ করে দেশপ্রেমে উদবুদ্ধ হওয়ার আহবান জানান আনোয়ার হোসেন। তিনি ১৯৭৫ সালে ১৫ আগষ্ট কালোরাতে বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল সদস্যের রূহের মাগফেরাত কামনা করেন।

আলোচনা শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল সদস্যের রূহের মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা মুজিবুর রহমান।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/123803 ,   Print Date & Time: Tuesday, 3 March 2026, 08:02:56 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group