• হোম > জাতীয় > চা-শ্রমিকদের দৈনিক মজুরি ১৭০ টাকা নির্ধারণ

চা-শ্রমিকদের দৈনিক মজুরি ১৭০ টাকা নির্ধারণ

  • শনিবার, ২৭ আগস্ট ২০২২, ১৯:৪৯
  • ৩৯৬

চা-শ্রমিকদের দৈনিক মজুরি ১৭০ টাকা নির্ধারণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে শ্রমিকদের মজুরি বাড়িয়ে দৈনিক ১৭০ টাকা করতে সম্মত হয়েছেন চা বাগান মালিকরা। মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকদের চলমান আন্দোলনের প্রেক্ষিতে শনিবার (২৭ আগস্ট) বেলা সোয়া ৪টার দিকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বৈঠক শুরু হয়। বৈঠকে ১৩টি চা বাগানের মালিক উপস্থিত ছিলেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘চা শ্রমিকদের আশা প্রধানমন্ত্রী শ্রমিকদের পক্ষ হয়ে মালিকদের সঙ্গে কথা বলে মজুরি বাড়াবেন। সেটাই তিনি করেছেন। প্রধানমন্ত্রী আগামীকাল (রবিবার) থেকে সবাই কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি শিগগিরই চা শ্রমিকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে আলোচনা করবেন।’

৩০০ টাকা মজুরির দাবিতে গত ৯ আগস্ট থেকে চার দিন দুই ঘণ্টা করে কর্মবিরতি ও পরে ১৩ আগস্ট থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালন করে আসছেন চা-শ্রমিকরা।

প্রশাসনের সঙ্গে আলোচনা করে বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটি ধর্মঘট প্রত্যাহার করলেও সাধারণ শ্রমিকেরা আন্দোলন চালিয়ে যান। আন্দোলন সফল করতে সড়ক, মহাসড়ক, রেলপথ অবরোধ করতে দেখা গেছে তাদের। দাবি আদায়ে গত কয়েক দিন ধরে বেশ উত্তাল ছিল চা-বাগানগুলো।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/124683 ,   Print Date & Time: Friday, 24 April 2026, 12:30:32 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group