• হোম > ঢাকা | শিক্ষাঙ্গন > হানিফ ফ্লাইওভারে বাসের ধাক্কায় তিতুমীর কলেজছাত্রী নিহত

হানিফ ফ্লাইওভারে বাসের ধাক্কায় তিতুমীর কলেজছাত্রী নিহত

  • মঙ্গলবার, ৩০ আগস্ট ২০২২, ১৯:৩৫
  • ৪৩০

হানিফ ফ্লাইওভারে বাসের ধাক্কায় তিতুমীর কলেজছাত্রী নিহত

 

রাজধানীর হানিফ ফ্লাইওভারে বাসের ধাক্কায় সরকারি তিতুমীর কলেজে অনার্স (মার্কেটিং) তৃতীয় বর্ষের এক ছাত্রী নিহত হয়েছেন। তার নাম সাদিয়া আফরিন উর্মি (২২)।

মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে ফ্লাইওভারে সায়দাবাদ অংশে একটি বাস তাকে বহনকারী মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সাদিয়া নিহত হন। এ ঘটনায় সাদিয়ার বড়বোন আইরিন আক্তার রিমির দেবর মোটরসাইকেলটির চালক মো. নাজমুল আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার নতুন কামালপুর গ্রামের আব্দুর রাশিদের দুই মেয়ের মধ্যে ছোট ছিলেন সাদিয়া। বর্তমানে ধোলাইপাড় এলাকায় দনিয়া ক্লাবের পাশে একটি ভাড়া বাসায় পরিবারের সঙ্গে থাকতেন।

জানা গেছে, বড়বোন আইরিন আক্তার রিমির বিবাহবার্ষিকী উপলক্ষ্যে দুই মোটরসাইকেলে সাদিয়াসহ চারজন ৩০০ ফিট এলাকায় যাচ্ছিলেন।

রিমির দেবর নাজমুল জানান, সাদিয়াসহ তারা চারজন দুটি মোটরসাইকেলে ৩০০ ফিট যাচ্ছিলেন। নাজমুলের সঙ্গে ছিলেন সাদিয়া আরেক মোটরসাইকেলে ছিলেন রিমি ও তার স্বামী আজমত আলী।

নিহত সাদিয়ার দুলাভাই আজমত আলী জানান, তার ভাই নাজমুল ও শ্যালিকা সাদিয়া মেয়র হানিফ ফ্লাইওভার দিয়ে মোটরসাইকেলে যাচ্ছিল। এ সময় একটি বাস পেছন থেকে তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে সাদিয়া ও নাজমুল ফ্লাইওভারে ছিটকে পড়ে। এরপর আরেকটি গাড়ি সাদিয়াকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে তাদের দুজনকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সাদিয়াকে মৃত ঘোষণা করেন।

যাত্রাবাড়ী থানার ওসি মাজহারুল ইসলাম জানান, একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ওই ছাত্রীর। এ ঘটনায় বাসটি জব্দসহ চালককে আটক করা হয়েছে।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, সাদিয়াকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/124983 ,   Print Date & Time: Friday, 20 March 2026, 09:48:42 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group