• হোম > খেলা > এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশি আম্পায়ার

এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশি আম্পায়ার

  • শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২, ১১:০২
  • ২৭০৮

 ছবি: সংগৃহীত

পরপর ভারত-পাকিস্তান ম্যাচে দক্ষতার সাথে দায়িত্ব পালনের পুরস্কার পাচ্ছেন বাংলাদেশি আম্পায়ার মাসুদুর রহমান মুকুল। এশিয়া কাপের ফাইনালেও তিনি দায়িত্ব পালন করবেন আম্পায়ার হিসেবে।

রোববার (১১ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে এশিয়া কাপের ফাইনালে পরস্পরের মুখোমুখি হবে পাকিস্তান-শ্রীলঙ্কা। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে এশিয়ার ক্রিকেট শ্রেষ্ঠত্বের এ লড়াই।

এশিয়া কাপের ফাইনালে মুকুলের আম্পায়ারিংয়ের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু। এশিয়া কাপ দেখতে মিঠু এখন দুবাইয়ে অবস্থান করছেন।

তিনি বলেন, মুকুল দারুণ আম্পায়ারিং করেছে এবারের এশিয়া কাপে। ভারত-পাকিস্তানের মতো বড় ম্যাচ সে দারুণভাবে সামলে নিয়েছে। সেই পুরস্কার পাচ্ছে সে।

এর আগে, এশিয়া কাপের গ্রুপ পর্বে ভারত-পাকিস্তান ম্যাচ দিয়ে বড় মঞ্চে আম্পায়ারিংয়ের শুরু হয় মুকুলের। সে ম্যাচে দারুণভাবে দায়িত্ব পালন করায় সুপার ফোরেও দুই চির প্রতিদ্বন্দ্বীর ম্যাচে আম্পায়ারিংয়ের দায়িত্ব পান মুকুল। আর এবার পাচ্ছেন ফাইনাল ম্যাচের দায়িত্ব।

প্রসঙ্গত, মুকুল এখন পর্যন্ত ২৬টি টি-টোয়েন্টি ম্যাচে আম্পায়ারিং করেছেন। তার মধ্যে ১৮ ম্যাচে ছিলেন অনফিল্ড আম্পায়ার। আর ওয়ানডে ম্যাচে দায়িত্ব পালন করেছেন ১৭ বার।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/125717 ,   Print Date & Time: Friday, 7 August 2026, 09:50:54 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group