• হোম > জাতীয় > আগামী ৫ দিন কমবে বৃষ্টিপাত

আগামী ৫ দিন কমবে বৃষ্টিপাত

  • সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২, ১০:৩৯
  • ৪৪৭

 প্রতীকী ছবি

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি স্থলভাগে উঠে এসেছে। বৃষ্টি ঝড়িয়ে ধীরে ধীরে শক্তি হারাবে। ফলে আগামী পাঁচদিনে বৃষ্টিপাত কমবে। রবিবার এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন, সিনপটিক অবস্থা পশ্চিম মধ্য-বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে উড়িষ্যা উপকূল ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এবং পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় নিম্নচাপে পরিণত হয়। এরপর এটি একই দিকে অগ্রসর হয়ে আজ সন্ধ্যা ৬টায় ভারতের দক্ষিণ মধ্য প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় স্থল নিম্নচাপ আকারে অবস্থান করছিল। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ক্রমান্বয়ে দুর্বল হতে পারে।

নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চারনশীল মেঘমালার সৃষ্টি অব্যাহত রয়েছে। মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, স্থল নিম্নচাপের কেন্দ্রস্থল, অন্ধ্র প্রদেশ, উড়িষ্যা ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। তাই সব সমুদ্রবন্দরগুলোতে তিন নম্বর সতর্কতা সংকেত বহাল রাখা হয়েছে। তাই সব মাছ ধরা নৌকা ও ট্রলারগুলোকে গভীর সাগরে বিচরণ করতে বারণ করা হয়েছে। উপকূলে জলোচ্ছ্বাসের শঙ্কাও রয়েছে।

বর্তমান আবহাওয়ায় সোমবার সন্ধ্যা পর্যন্ত রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী দু’দিন বৃষ্টিপাতের বর্তমান প্রবণতা অব্যাহত থাকবে। আর বর্ধিত পাঁচদিনে বৃষ্টিপাতের প্রবণতা কমবে।

রবিবার দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে নেত্রকোনায়, ৯৮ মিলিমিটার। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে, ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় বৃষ্টিপাত হয়েছে ২ মিলিমিটার, আর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/125858 ,   Print Date & Time: Monday, 11 May 2026, 05:13:59 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group