• হোম > খেলা > এক ছক্কাতেই সিডন্সকে নিজ সামর্থ্য বুঝিয়েছেন সাব্বির

এক ছক্কাতেই সিডন্সকে নিজ সামর্থ্য বুঝিয়েছেন সাব্বির

  • বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২, ১৪:৫৪
  • ৪১২

ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি সাব্বির রহমান। তবে দ্বিতীয় ম্যাচে দারুণ একটি ছক্কা হাঁকিয়েছেন এই ‘মেক শিফট’ ওপেনার। তার ছক্কায় সন্তুষ্ট জেমি সিডন্স। তবে সাব্বিরের কাছে এমনটা নিয়মিতই দেখতে চান বাংলাদেশের ব্যাটিং কোচ।

আরব আমিরাতের বিপক্ষে প্রথম ম্যাচে ৩ বলে শুন্য রান করেন সাব্বির। দ্বিতীয় ম্যাচে করেন ৯ বলে ১২ রান। ইনিংসে সেই ছক্কার পাশাপাশি ছিল একটি চারের মারও।

২০১৯ সালে বাদ পড়ে পুনরায় দলে ফেরার পর সেভাবে কিছুই করতে পারেননি এই হার্ড-হিটার ব্যাটার। তবুও তাকে নিয়ে আশাবাদী সিডন্স।

বিসিবির প্রকাশিত ভিডিও বার্তায় সিডন্স বলেন, ‘সাব্বির এখনো ছন্দ খুঁজে পাওয়ার চেষ্টা করছে। আজকে সে একটি শটের মাধ্যমে দেখিয়েছে ব্যাট হাতে কী করতে পারে। আমরা এটি আরও বেশি দেখতে চাই।’

আরেক ‘মেক শিফট’ ওপেনার মেহেদী হাসান মিরাজের প্রশংসাও করেছেন সিডন্স। প্রথম ম্যাচে ১৪ বলে ১২ রান করলেও দ্বিতীয় ম্যাচে ৩৭ বলে ৪৬ রান করেন এই ডানহাতি ব্যাটার।

সিডন্স আরও বলেন, ‘হ্যাঁ (আমি খুশি); বিশেষ করে মিরাজের ওপর। মিরাজ বেশ ভালোভাবে এগিয়ে এসেছে। ওর আত্মবিশ্বাস এখন উঁচুতে। আমি ওকে টেস্ট ও ওয়ানডেতে দেখেছি ভালো ব্যাট করতে। এখন শুধু ওকে বাড়তি লাইসেন্স দেওয়া হয়েছে টপ অর্ডারে নেমে শট খেলার। সে দারুণ করছে।’


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/127148 ,   Print Date & Time: Saturday, 14 March 2026, 09:17:50 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group