• হোম > বাংলাদেশ > নিখোঁজের ২ দিন পর নদীতে মিলল কলেজছাত্রের লাশ

নিখোঁজের ২ দিন পর নদীতে মিলল কলেজছাত্রের লাশ

  • শনিবার, ১২ নভেম্বর ২০২২, ১৩:০১
  • ৫৬৩

নিখোঁজের ২ দিন পর নদীতে মিলল কলেজছাত্রের লাশ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় নিখোঁজের ২ দিন পর নদী থেকে মো. মনির হোসেন (১৮) নামে এক কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ভোরে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত মনির পৌর সদরের রূপপুর পুরানপাড়া গ্রামের রিকশাচালক মো. হারুন অর রশিদের ছেলে। সে শাহজাদপুর মওলানা সাইফ উদ্দিন এহিয়া কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।

নিহতের ফুফাতো ভাই শাহজাদপুর পৌরসভার কম্পিউটার অপারেটর ইমরান হোসেন জানান, মনির হোসেন গত বৃহস্পতিবার দুপুরের খাওয়া দাওয়া শেষে বন্ধুদের সাথে বেড়াতে বের হয়। এরপর সে ওইদিন বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বন্ধুদের সাথে নৌকা যোগে করতোয়া নদীতে ঘুরে বেড়ায়। রাতে বন্ধুদের সবাই বাড়ি ফিরে এলেও সে আর বাড়ি ফেরেনি।

তাকে অনেক খোঁজাখুঁজি করেও আর পাওয়া যায়নি। সেই থেকে দুদিন ধরে সে নিখোঁজ ছিল। এদিন ভোরে নদীতে মাছ ধরতে গিয়ে জেলেরা তার লাশ নদীর পানিতে ভাসতে দেখে ওদের বাড়িতে খবর দেয়।

এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি নজরুল ইসলাম মৃধা বলেন, লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহতের পরিবার মামলা দিলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/129751 ,   Print Date & Time: Sunday, 14 June 2026, 06:58:21 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group