• হোম > বাংলাদেশ > যিশুর মহিমাকীর্তনের মাধ্যমে বড়দিনের আনুষ্ঠানিকতা শুরু

যিশুর মহিমাকীর্তনের মাধ্যমে বড়দিনের আনুষ্ঠানিকতা শুরু

  • রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২, ১০:৪৭
  • ৪৬৪

 যিশুর মহিমাকীর্তনের মাধ্যমে বড়দিনের আনুষ্ঠানিকতা শুরু

বিশ্বজুড়ে পালিত হচ্ছে খ্রিস্টান ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন। খ্রিস্টধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্ট এই দিনে বেথলেহেমে জন্মগ্রহণ করেন, তাই এই দিনটি খ্রিস্টধর্মাবলম্বীদের কাছে অত্যান্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ।

রোববার (২৫ ডিসেম্বর) রাজধানীর কাকরাইলে সেন্ট মেরি ক্যাথিড্রাল চার্চে গান, প্রার্থনা ও যিশুর মহিমাকীর্তনের মাধ্যমে বড়দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।

প্রার্থনায় অংশ নিতে ভোরে চার্চে সমবেত হন খ্রিষ্ট ধর্মাবলম্বীরা। প্রার্থনায় যিশুর মহিমাকীর্তন ও শান্তি এবং ন্যায়ের কথা বলা হয়।

আজকের দিনে জেরুজালেমের বেথলেহেম নগরীর কাছাকাছি এক গোয়াল ঘরে জন্ম নেন যিশু। এই দিনটিকে খ্রিষ্টান সম্প্রদায় সর্ববৃহৎ ধর্মীয় উৎসব হিসেবে পালন করে। খ্রিষ্ট ধর্মাবলম্বীদের বিশ্বাস, মানবজাতিকে কল্যাণ ও ন্যায়ের পথে পরিচালনা করতে যিশুর জন্ম হয়েছে পৃথিবীতে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের খ্রিষ্ট ধর্মানুসারীরাও আজ যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আচার-অনুষ্ঠান, আনন্দ-উৎসব এবং প্রার্থনার মধ্য দিয়ে বড়দিন উদযাপন করছেন।

বড়দিন উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা খ্রিস্টধর্মাবলম্বীসহ সকলের শান্তি ও কল্যাণ কামনা করে পৃথক বাণী দিয়েছেন।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেন, জাগতিক সুখের পরিবর্তে যীশুখ্রিস্ট ত্যাগ, সংযম ও দানের মাধ্যমে পারমার্থিক সুখ অর্জনের ওপর গুরুত্ব দিয়েছেন। বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি ও ঐক্য স্থাপনসহ অশান্ত বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় যীশুখ্রিষ্টের শিক্ষা ও আদর্শ অনুসরণীয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে বলেন, সকল শ্রেণি-পেশা, সম্প্রদায়ের জনগণের উন্নয়নই সরকারের প্রধান লক্ষ্য। এ লক্ষ্য অর্জনে তার সরকার সকল সম্প্রদায়ের মানুষের মর্যাদাপূর্ণ ও নিরাপদ জীবনযাপন নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, ‘আমাদের সংবিধানে সকল ধর্ম ও বর্ণের মানুষের সমানাধিকার নিশ্চিত করা হয়েছে। আমরা বিশ্বাস করি- ধর্ম যার যার, উৎসব সবার। আওয়ামী লীগ সরকার অসাম্প্রদায়িক চেতনাকে সমুন্নত রাখতে বদ্ধপরিকর।

এদিকে খ্রিষ্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষ্যে রোববার বঙ্গভবনে খ্রিষ্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

শনিবার সন্ধ্যায় রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, ‘খ্রিষ্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দের জন্য আয়োজিত এই অভ্যর্থনা অনুষ্ঠানটি রোববার সন্ধ্যা ৭টায় বঙ্গভবনের গ্যালারি হলে শুরু হবে।’ অনুষ্ঠানে রাষ্ট্রপ্রধান যিশুখ্রিষ্টের জন্মদিন উপলক্ষ্যে খ্রিষ্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/130320 ,   Print Date & Time: Thursday, 16 April 2026, 08:28:36 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group