• হোম > আওয়ামীলীগ | বিশেষ নিউজ | রাজনীতি > বিএনপি একদফার দাবি আদায় করতে ব্যর্থ হয়েছে কারণ জনগণ তাদের সঙ্গে নেই- সালমান এফ রহমান

বিএনপি একদফার দাবি আদায় করতে ব্যর্থ হয়েছে কারণ জনগণ তাদের সঙ্গে নেই- সালমান এফ রহমান

  • রবিবার, ১ অক্টোবর ২০২৩, ০৮:৩৩
  • ৫০৪

ফাইল ছবি
বিএনপি তাদের একদফার দাবি আদায় করতে ব্যর্থ হয়েছে কারণ জনগণ তাদের সঙ্গে নেই- এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান। তিনি বিএনপিকে এক দফার দাবি থেকে সরে এসে নির্বাচনী বাস ধরার পরামর্শ দেন।

শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে ঢাকার দোহার জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দোহার উপজেলা আওয়ামী লীগের কেন্দ্রভিত্তিক নির্বাচন পরিচালনা কমিটির সদস্যদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। এরই অংশ হিসেবে সালমান এফ রহমান তার নির্বাচনী এলাকার (দোহার-নবাবগঞ্জ) নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।

বিএনপির একদফার আন্দোলন ব্যর্থ হয়েছে উল্লেখ করে সালমান এফ রহমান এমপি বলেন, আপনারা যে আন্দোলন শুরু করেছেন সেটা কখনও সফল হবে না কারণ জনগণ আপনাদের সাথে নেই। তাই এসব বাদ দিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনী বাস ধরার পরামর্শ দিয়েছেন সালমান এফ রহমান।

বি‌দেশীরা বর্তমান সরকার‌কে আগামীতে আর ক্ষমতায় দেখতে চায় না, বিএনপি নেতাদের এই ধর‌নের মন্তব্যকে বিভ্রান্তিকর গুজব বলে আখ্যায়িত করে সালমান এফ রহমান এমপি বলেন, প্রধানমন্ত্রীর দেয়া উপহার ‘ডিজিটাল বাংলাদেশ’ এর সুযোগ নিয়ে তারা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রোপাগান্ডা ছড়াতেই ব্যস্ত। তাদের এসব গুজব থেকে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

সালমান এফ রহমান এমপি বলেন, আগামী নির্বাচন সং‌বিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই হ‌বে, কেউ অংশগ্রহণ না কর‌লে নির্বাচন থে‌মে থাক‌বে না। বি‌দেশী‌দের একটাই চাওয়া তা হচ্ছে, বাংলাদেশের নির্বাচন অবাধ, সুষ্ঠ ও শা‌ন্তিপূর্ণ হোক। তা‌দের চাওয়া এবং সরকা‌রের চাওয়া এক। স্বাধীন নির্বাচন কমিশনও অবাধ ও সুষ্ঠ নির্বাচন উপহার দিতে বদ্ধপরিকর। বিএনপি আন্দোলন করছে ফেসবুক ও ইউটিউবে। বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয় সম্পর্কে প্রোপাগান্ডা ছড়াচ্ছে। তবে তাদের ষড়যন্ত্র ধূলিসাৎ হয়েছে।

এই সময় তি‌নি নেতাকর্মী‌দের ব‌লেন, আওয়ামী লীগ সমর্থকদের কাছে ভোট চাওয়া ছাড়াও নিরপেক্ষ ও বিরোধীদের কাছে যেয়েও ভোট চাইতে হবে। ভোট দেয়ার যেমন স্বাধীনতা আছে, তেমনি ভোট চাওয়ারও স্বাধীনতা আছে। উন্নয়নের নানা চিত্র সবার কা‌ছে তুলে ধরে নৌকার জন‌্য ভোট চাওয়ার নি‌র্দেশ দেন তিনি।

বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইলে এবং দলমত নির্বিশেষে সব ভোটারদের কাছে যেতে পারলে নৌকার জয় সুনিশ্চিত জানিয়ে আগামী নির্বাচনে করণীয় সম্পর্কে নেতা-কর্মীদের নির্দেশনা দেন সালমান এফ রহমান।

বিগত ১৫ বছরে বর্তমান সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে সালমান এফ রহমান বলেন, দেশের প্রতিটি ঘরে ঘরে সরকার বিদ্যুৎ পৌঁছে দিয়েছে। দেশ আজ ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে পরিণত হওয়ার পথে ধাবমান। তাই সময়ের সাথে সাথে আমাদেরকেও এগিয়ে যেতে হবে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/130703 ,   Print Date & Time: Monday, 23 February 2026, 07:12:24 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group