• হোম > ঢাকা | বাংলাদেশ > আজ সকাল দশটায় ‘১ মিনিট শব্দহীন’ থাকবে ঢাকা

আজ সকাল দশটায় ‘১ মিনিট শব্দহীন’ থাকবে ঢাকা

  • রবিবার, ১৫ অক্টোবর ২০২৩, ০৯:০৯
  • ৬৪৬

ছবি : সংগৃহীত।

শব্দদূষণের ক্ষতিকর প্রভাব থেকে মানুষকে মুক্ত রাখতে আজ রোববার (১৫ অক্টোবর) সকাল ১০টা থেকে ১০টা ১ মিনিট পর্যন্ত রাজধানীকে শব্দহীন রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ ছাড়া কর্মসূচি সফল করতে ঢাকার গুরুত্বপূর্ণ ১১টি স্থানে মানববন্ধন করা হবে।

এলাকাগুলো হলো—ওসমানী স্মৃতি মিলনায়তন, শাহবাগ মোড়, উত্তরা, বিজয় সরণি মোড়, মিরপুর-১০ নম্বর গোলচত্বর, গাবতলী, মগবাজার, মহাখালী, গুলশান-১, কমলাপুর, বৌদ্ধমন্দির ও যাত্রাবাড়ী চৌরাস্তা।

গত বৃহস্পতিবার (১২ অক্টোবর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছিল। এ বিষয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ফারহিনা আহমেদ বলেছেন, সরকার শব্দদূষণের ক্ষতিকর প্রভাব থেকে মানুষকে মুক্ত রাখতে ঢাকার ১১টি গুরুত্বপূর্ণ স্থানে ১৫ অক্টোবর সকাল ১০টা থেকে ১০টা ১ মিনিট পর্যন্ত ‘এক মিনিট শব্দহীন’ কর্মসূচি পালন করবে। একই সঙ্গে মানববন্ধন করে গাড়িচালকদের মধ্যে শব্দ সচেতনতামূলক লিফলেট, স্টিকার বিতরণসহ এক মিনিট হর্ন বাজানো থেকে বিরত থাকার আহ্বান জানানো হবে।

ওই সংবাদ সম্মেলনে সচিব ফারহিনা আহমেদ বলেন, “শব্দ সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে ‘শব্দদূষণ বন্ধ করি, নীরব মিনিট পালন করি’ স্লোগানে এ কর্মসূচি পালন করা হবে। এ কর্মসূচি সফল করতে ঢাকা শহরের ১১টি গুরুত্বপূর্ণ স্থানে সকাল সাড়ে ৯টা থেকে সকাল ১০টা পর্যন্ত পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অধীন দপ্তর ও সংস্থার কর্মকর্তা-কর্মচারী, স্কুল-কলেজের স্কাউট সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি দপ্তর ও সংস্থার কর্মকর্তা-কর্মচারী, ট্রাফিক পুলিশ ও পরিবহণ মালিক সমিতির সদস্যরা ব্যানার, ফেস্টুনসহ উপস্থিত থেকে মানববন্ধন করবেন।”

সচিব আরও বলেন, ‘শব্দদূষণ জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। অতিমাত্রায় শব্দদূষণের কারণে কানে কম শোনা, আংশিক বা পুরোপুরি বধিরতা, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, অনিদ্রা ও মনোসংযোগ নষ্টসহ বিভিন্ন মানসিক সমস্যা, গর্ভবতী মায়েদের অকাল গর্ভপাত, গর্ভস্থ বাচ্চা বধির বা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর জন্ম হবার আশঙ্কা সৃষ্টি হয়। শব্দদূষণের ফলে দেশের মানবসম্পদ তথা সামগ্রিক প্রবৃদ্ধির (জিডিপি) ওপর নেতিবাচক প্রভাব পড়ছে।’


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/131278 ,   Print Date & Time: Friday, 6 February 2026, 02:57:49 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group