• হোম > খুলনা | বাংলাদেশ > রাতে তুলে নেওয়া হয় নারীকে, সকালে বিবস্ত্র মরদেহ উদ্ধার

রাতে তুলে নেওয়া হয় নারীকে, সকালে বিবস্ত্র মরদেহ উদ্ধার

  • রবিবার, ২২ অক্টোবর ২০২৩, ১২:৫৫
  • ৫৩৬

ছবি : সংগৃহীত।
চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় মনজুরা খাতুন (৩২) নামের এক নারীকে রাতে বাসা থেকে তুলে নিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (২২ অক্টোবর) সকাল ১০টায় মনজুরার মরদেহ তার বাড়ির পাশের বেগুনখেত থেকে উদ্ধার করেছে পুলিশ। এর আগে, শনিবার রাতে ভাই-বোনকে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা।

দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন মনজুরার ভাই আলমগীর হোসেন (৩০)। আহত আলমগীর আশঙ্কাজনক অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।

স্থানীয়রা জানান, শনিবার রাত ৮টার দিকে দর্শনার মোহাম্মদপুরে আলমগীরের বাড়িতে আসে কয়েকজন দুর্বৃত্ত। এ সময় আলমগীরকে বাড়ি থেকে তুলে নিয়ে হাত পা-বেঁধে পাশের মাঠে রাখে। এ সময় তার বোন মনজুরা খাতুন প্রতিবাদ করলে তাকেও ধরে তুলে নিয়ে যায় তারা। রাতভর নিখোঁজের পর সকালে তাদের বাড়ির পাশের বেগুনখেতে মনজুরার বিবস্ত্র মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে সকালে চুয়াডাঙ্গা সহকারী পুলিশ সুপার জাকিয়া সুলতানা ও দর্শনা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

সহকারী পুলিশ সুপার জাকিয়া সুলতানা বলেন, মনজুরা খাতুনকে রাতে তুলে নিয়ে হত্যা করা হয়েছে। তার ভাইকেও কুপিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাস্থল থেকে মনজুরার মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরণের প্রক্রিয়া চলছে। ঘটনার রহস্য উন্মোচনের জন্য পুলিশের বিশেষ টিম কাজ করছে। খুব শিগগিরই আসামিদের আইনের আওতায় আনা হবে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/131513 ,   Print Date & Time: Wednesday, 30 September 2026, 03:20:47 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group