• হোম > ঢাকা | বাংলাদেশ | বিশেষ নিউজ > আজও গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

আজও গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

  • বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩, ১২:০৭
  • ৬৬৪

---

গাজিপুর প্রতিনিধি :
নতুন মজুরি কাঠামো প্রত্যাখ্যান করে আজও গাজীপুরে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। বৃহস্পতিবার (৯ নভেম্বর) কোনাবাড়ীর নাওজোর এলাকায় বাইপাস সড়কে আগুন জ্বালিয়ে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করে।

জানা গেছে, গাজীপুরের আশপাশের কারখানার বেশ কিছু শ্রমিক কাঠ ও টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছেন। অনেক কারখানা ছুটি দিয়ে দেয়া হয়েছে। সেসব কারখানার শ্রমিকদের অনেককে বাড়ি ফিরে যেতে দেখা গেছে। এদিকে, সতর্ক অবস্থানে দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের।

কোনাবাড়ীর মতো চৌরাস্তা এবং চান্দনা এলাকায়ও থমথমে অবস্থা দেখা গেছে। মোড়ে মোড়ে পুলিশ, বিজিবি ও র‍্যাবের প্রচুর সদস্য দেখা গেছে। এ এলাকায়ও কাজ বন্ধ থাকায় শত শত সাধারণ শ্রমিক কারখানা থেকে বাড়ি ফিরে যাচ্ছেন।

গাজীপুর পুলিশ সুপার কাজী শফিকুল আলম বলেন, ‘কিছু কারখানার শ্রমিকেরা রাস্তায় নামার চেষ্টা করেছে। তাদেরকে বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়া হচ্ছে। পরিস্থিতি স্থিতিশীল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে।’

পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো ঘোষণার পরও বুধবার গাজীপুর-আশুলিয়া ছিল অশান্ত। বেতন কাঠামো প্রত্যাখ্যান করে মজুরি আরও বাড়ানোর দাবিতে গাজীপুরের শ্রমিকরা রাস্তায় নামলে পুলিশের সঙ্গে দফায় দফায় ব্যাপক সংঘাত হয়েছে। এ ঘটনায় এক নারী শ্রমিক নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছে। এর মধ্যে হঠাৎ সাউন্ড গ্রেনেড বিস্ফোরণে এক পুলিশ সদস্যের হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/132024 ,   Print Date & Time: Wednesday, 8 July 2026, 07:13:40 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group