• হোম > ঢাকা | বাংলাদেশ | বিশেষ নিউজ > রূপগঞ্জে ট্রাক চাপায় প্রাণ গেলো দম্পতির

রূপগঞ্জে ট্রাক চাপায় প্রাণ গেলো দম্পতির

  • শনিবার, ১১ নভেম্বর ২০২৩, ০৮:৫৮
  • ৪৭০

ছবি : সংগৃহীত।

নারায়ণগঞ্জ প্রতিনিধি :

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী এক দম্পতির। এতে গুরুতর আহত হয়েছে তাদের শিশু সন্তান তাহরিন জাহান ফাহা (৬)।

শুক্রবার (১০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কাঞ্চন–রূপসী সড়কের গঙ্গানগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দম্পতি হলেন নারায়ণগঞ্জে সোনারগাঁ পৌরসভার নয়ামাটি এলাকার ঠিকাদার নাজমুল ইসলাম ওরফে বাবু (৩৪) এবং তার স্ত্রী তাহমিনা আক্তার (৩০)।

নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার ছুটির দিনে মোটরসাইকেল নিয়ে রূপগঞ্জের পূর্বাচলে বেড়াতে যান ওই দম্পতি। সারা দিন শেষে সন্ধ্যা ৭টার দিকে সেখান থেকে ফেরার পথে কাঞ্চন-রূপসী সড়কের গঙ্গানগর এলাকায় একটি মাইক্রোবাস ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেলটি ধাক্কা খায়। এতে তারা ছিটকে রাস্তায় পড়ে যান। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে স্বামী–স্ত্রী দুজন মারা যান ও গুরুতর আহত হয় শিশুটি। ঘটনার পরপরেই আহত শিশুটিকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, সড়ক দুর্ঘটনায় এক দম্পতি নিহত হয়েছে। মরদেহ উদ্ধার করে রূপগঞ্জ থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/132062 ,   Print Date & Time: Tuesday, 17 March 2026, 02:46:13 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group