• হোম > ঢাকা | বাংলাদেশ | বিশেষ নিউজ > রাজধানীতে নিজ ফ্ল্যাটে দুই বোনের রক্তাক্ত লাশ

রাজধানীতে নিজ ফ্ল্যাটে দুই বোনের রক্তাক্ত লাশ

  • সোমবার, ১৩ নভেম্বর ২০২৩, ০৯:৩৫
  • ৫৮৯

ছবি : সংগৃহীত।

রাজধানীর হাজারীবাগের কালিনগর এলাকার একটি ফ্ল্যাট থেকে দুই বোনের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

তারা হলেন- নাসরিন আক্তার (৩৫) ও জেসমিন আক্তার (৪৪)।

তাদের দু’জনের শরীরেই ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জানা গেছে, রবিবার দিবাগত মধ্যরাতে এ ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় ছোট বোন নাসরিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আর বড় বোন জেসমিনের মরদেহ ঘটনাস্থলেই পড়ে ছিল।

বিষয়টি নিশ্চিত করেছেন হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহাদ আলী।

তিনি বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে রক্তাক্ত অবস্থায় জেসমিন আক্তার ও নাসরিন আক্তারকে পড়ে থাকতে দেখা যায়। নাসরিন আক্তার তখনো জীবিত ছিলেন মনে হওয়ায় স্বজনদের সহযোগিতায় ঢাকা মেডিকেলে নেওয়া হয়।

ওসি জানান, দুই নারীর শরীরে ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে তারা কীভাবে মারা গেছে তা জানা যায়নি।

নিহত নারীদের ভাই নাজির হোসেন পুলিশকে জানিয়েছেন, বড় বোন জেসমিন মানসিক প্রতিবন্ধী ছিলেন। জেসমিন ও নাসরিন এবং তার মা-সহ সবাই এক বাসাতেই থাকেন। নিহত এই দুই বোন অবিবাহিত ছিলেন।

এ ঘটনা হত্যা নাকি আত্মহত্যা তা তদন্তের পর বলা যাবে বলে জানিয়েছেন ওসি আহাদ আলী


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/132164 ,   Print Date & Time: Sunday, 17 May 2026, 04:18:40 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group