• হোম > জাতীয় | বিশেষ নিউজ > ২৫ দিনে ৩৭৬ অগ্নিসংযোগের ঘটনা : পুলিশ সদর দফতর

২৫ দিনে ৩৭৬ অগ্নিসংযোগের ঘটনা : পুলিশ সদর দফতর

  • বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩, ১৮:২৫
  • ১৩০৪

ফাইল ছবি।

পুলিশ সদরদপ্তর জানায়, ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের পরদিন থেকে ২২ নভেম্বর পর্যন্ত ৩৭৬টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এরমধ্যে ২৯০টি যানবাহন ও ১৭টি স্থাপনা রয়েছে। একই সময়ে ২৭৫টি যানবাহন ও ২৪টি স্থাপনাসহ ৩১০টি ভাঙচুরের ঘটনা ঘটে। ৩১ অক্টোবর থেকে ২২ নভেম্বর পর্যন্ত রেলওয়েতে ২৪টি নাশকতার ঘটনা ঘটেছে।

আজ বৃহস্পতিবার পুলিশ সদর দফতরের পাঠানো এক বার্তায় এসব তথ্য জানানো হয়।

সদর দফতর আরও জানায়, গত ১৯ নভেম্বর গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন বরমী ইউনিয়নের ১৩২ নম্বর গিলাশ্বর মরহুম আ. জব্বার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিনের তৈরি স্কুল ঘরে অগ্নিসংযোগ করে। দুর্বৃত্তদের দেওয়া আগুনে বিদ্যালয়টির ৪টি বেঞ্চ ও ১টি টিনের জানালা ক্ষতিগ্রস্ত হয়। গত ২৯ অক্টোবর থেকে ২২ নভেম্বর পর্যন্ত বিভিন্ন ঘটনায় কর্তব্যরত অবস্থায় একজন পুলিশ সদস্যসহ ৬ জন নিহত হয়েছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অবরোধ চলাকালে ৩১ অক্টোবর থেকে ২২ নভেম্বর পর্যন্ত রেলওয়েতে ২৪টি নাশকতার ঘটনা ঘটেছে। এর মধ্যে কমলাপুর রেলওয়ে স্টেশন, টাঙ্গাইল ও জামালপুরে ৩টি ট্রেনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ঢাকা মহানগরে ১টি, ময়মনসিংহে ২টি, গাজীপুরে ১টি, নেত্রকোণায় ১টি এবং নওগাঁয় ১টিসহ ৬টি ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে।

কিশোরগঞ্জে ১টি, নোয়াখালীতে ২টি, সিলেটে ১টি, পাবনায় ১টি, দিনাজপুরে ১টি ও গাজীপুরে ৩টিসহ রেললাইনে ৯টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এছাড়া, সিলেট, ময়মনসিংহ ও কিশোরগঞ্জে রেললাইন কেটে ফেলার চেষ্টার ৩টি এবং গাইবান্ধায় রেললাইনের ফিস প্লেট খোলার চেষ্টার ঘটনা ঘটে। পাবনায় ট্রেনে পেট্রোল ও ডিজেল ভর্তি বোতল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এছাড়া, নারায়ণগঞ্জে রেললাইনের উপরে অতিরিক্ত ৩ ফুট লম্বা ৩ ইঞ্চি চওড়া পাত সংযোজন করে নাশকতার চেষ্টা করা হয়।

পুলিশ সদর দফতর আরও জানায়, ‌‘গ্রেফতার হওয়া অভিযুক্তদের অনেকেই নিজেদের সম্পৃক্ততা উল্লেখপূর্বক স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পুলিশকে বিতর্কিত করার লক্ষ্যে নাশকতাকারীরা উদ্দেশ্যমূলকভাবে ‘প্রেস’ লেখা জ্যাকেট পরে ধ্বংসাত্মক কর্মকাণ্ডে লিপ্ত হন, যা জনগণের কাছে এখন স্পষ্ট। ভাঙচুর ও নাশকতামূলক হিংসাত্মক কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বাংলাদেশ পুলিশ সবার প্রতি আহ্বান জানাচ্ছে।’


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/132500 ,   Print Date & Time: Thursday, 12 March 2026, 08:35:15 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group