• হোম > ক্রিকেট | খেলা | বিশেষ নিউজ > খাদে পড়ে যাওয়া গাড়ির চালককে বাঁচালেন শামি

খাদে পড়ে যাওয়া গাড়ির চালককে বাঁচালেন শামি

  • রবিবার, ২৬ নভেম্বর ২০২৩, ১৪:৫০
  • ৫২০

মহম্মদ শামি। ছবি :  সংগৃহীত

মাঠের বাইরেও সবার মন জিতে নিলেন মহম্মদ শামি। পথ দুর্ঘটনায় পড়া এক জনকে উদ্ধার করলেন বিশ্বকাপের সব থেকে সফল এই বোলার। তাঁকে উদ্ধার করার পর শামি নিজেই বিষয়টি সমাজমাধ্যমে পোস্ট করেন সাহায্য চেয়ে।

বিশ্বকাপের পর ছুটি কাটাতে নৈনিতাল বেড়াতে গিয়েছেন বাংলার এই জোরে বোলার। সেখান তিনি দেখেন পাহাড়ের খাদে একটি গাড়ি পড়ে গিয়েছে। শামি সঙ্গে সঙ্গে নিজের গাড়ি থেকে নেমে আসেন। দুর্ঘটনার কবলে পড়া গাড়ির চালককে উদ্ধার করেন। এর পর সমাজমাধ্যমে শামি লেখেন, ‘‘উনি খুবই ভাগ্যবান। ঈশ্বর তাঁকে দ্বিতীয় জীবন দিয়েছেন। নৈনিতালের কাছে পাহাড়ি রাস্তায় তাঁর গাড়িটি ঠিক আমার গাড়ির সামনেই ছিল। আমরা তাঁকে নিরাপদে উদ্ধার করতে পেরেছি।’’ জানা গিয়েছে, দুর্ঘটনায় পড়া ব্যক্তির বড় আঘাত লাগেনি। শামির পোস্ট সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে দ্রুত। নৈনিতালের ঘটনায় শামির মানবিক দিক উঠে এসেছে। ক্রিকেটপ্রেমীরা তাঁর ভূমিকার প্রশংসা করেছেন।

এ বারের বিশ্বকাপের পর নতুন করে আলোচনায় উঠে এসেছেন শামি। প্রথম চারটি ম্যাচে খেলার সুযোগ পাননি। বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে হার্দিক পাণ্ড্য চোট পাওয়ায় ধর্মশালায় নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে প্রথম খেলার সুযোগ পান। তার পর আর তাঁকে প্রথম একাদশের বাইরে রেখে মাঠে নামতে পারেননি রোহিত শর্মারা। বিশ্বকাপে সাতটি ম্যাচ খেলে ২৪টি উইকেট নেন শামি। তিনটি ম্যাচে ৫ উইকেটও নেন তিনি।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/132592 ,   Print Date & Time: Thursday, 15 October 2026, 01:02:27 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group