• হোম > বিশেষ নিউজ | রাজনীতি > আ.লীগ আমার পুরনো দল, মাঝখানে অন্য জায়গায় ছিলাম : শাহজাহান ওমর

আ.লীগ আমার পুরনো দল, মাঝখানে অন্য জায়গায় ছিলাম : শাহজাহান ওমর

  • বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩, ১৫:০৩
  • ৫২২

ছবি : সংগৃহীত।

আওয়ামী লীগকে নিজের পুরোনা দল উল্লেখ করে ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমর বলেছেন, মাঝখানে অন্য জায়গায় ছিলাম। এখন ফিরে এসেছি।

বুধবার (৬ ডিসেম্বর) সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির করিডোরে সাংবাদিকদের প্রশ্নে জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমর এমন মন্তব্য করেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী হওয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমরকে দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করার বিষয়ে ৩০ নভেম্বর জানিয়েছিলো দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এর আগে গত ৪ নভেম্বর রাজধানীর একটি বাসা থেকে সাবেক আইন প্রতিমন্ত্রী শাহজাহান ওমরকে আটক করে গোয়েন্দা পুলিশ। পরদিন তাকে চার দিনের রিমান্ডে পাঠান আদালত। এরপর ৯ নভেম্বর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।

এরপর ২৯ নভেম্বর দুপুরে জামিন পান শাহজাহান ওমর। জামিনে কারাগার থেকে বেরোনোর পরদিন আওয়ামী লীগে যোগ দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর। নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়নও পান তিনি।

৩০ নভেম্বর সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজারের ইউটিসি ভবনে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগে যোগদানের ওই ঘোষণা দেন শাহজাহান ওমর।

বুধবার তিনি সুপ্রিম কোর্টে রেজিস্ট্রিতে আসার পর সাংবাদিকরা তাকে প্রশ্নে করেন- কেন এসেছিলেন? জবাবে শাহজাহান ওমর বলেন, কেন এসেছিলাম? একটু রেজিষ্ট্রারের কাছে কাজ ছিলো।

সাংবাদিকরা ফের প্রশ্ন করেন, প্রধান বিচারপতির কাছে দেখা করতে আসছিলেন? জবাবে তিনি বলেন, না। না। রেজিস্ট্রারের সাথে।

আপনিতো নতুন দলে জয়েন করেছেন। কেমন লাগছে? এমন প্রশ্নের জবাবে সুপ্রিম কোর্টের এই আইনজীবী বলেন, এটা আমার পুরানা দল। মাঝখানে অন্য জায়গায় ছিলাম। ব্যাক টু বেঞ্চ।

পুরনো ঠিকানায় ফিরে এসেছেন? এমন প্রশ্নে শাহজাহান ওমর বলেন, সেটাই।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/133019 ,   Print Date & Time: Monday, 10 August 2026, 08:21:56 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group