• হোম > ঢাকা | বাংলাদেশ | বিশেষ নিউজ > ঘন কুয়াশায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে কলেজ ছাত্রের মৃত্যু

ঘন কুয়াশায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে কলেজ ছাত্রের মৃত্যু

  • সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ১০:৪৯
  • ৭৬৭

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে কলেজছাত্রের মৃত্যু।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি :

মামা বাড়ি থেকে দাওয়াত খেয়ে বোনের বাড়ি আসার পথে ঘন কুয়াশায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে নির্মীয়মাণ ব্রিজের খাদে পড়ে মাদারীপুরের শিবচরে এক কলেজছাত্র নিহত হয়েছেন। দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহতের খালাতো ভাই আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (১০ ডিসেম্বর) জেলার শিবচর উপজেলার শিরুয়াইল ইউনিয়নের উৎরাইল এলাকায় মামা টিপু মিয়ার বাড়িতে দাওয়াত খেতে যান কলেজছাত্র নিরব মোল্লা (২২) ও তার খালাতো ভাই সাজ্জাদ হোসেন আশিক (২৪)।

রাত আনুমানিক ৯টার দিকে মোটরসাইকেল নিয়ে আশিকের বোনের বাড়ি একই উপজেলার উত্তর বহেরাতলা ইউনিয়নের যাদুয়ারচর ঢালী কান্দি গ্রামে ফিরছিলেন তারা। তাদের মোটরসাইকেলটি চরশ্যামাইল এলাকায় আসলে ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে নির্মীয়মাণ ব্রিজের নিচে গভীর খাদে পড়ে যায়।
স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় নিরব ও আশিককে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক নিরবকে মৃত ঘোষণা করেন। আশিককে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

নিহত নিরব জেলার রাজৈর উপজেলার সানেরপাড় গ্রামের নূর আলম মোল্লার ছেলে এবং আহত সাজ্জাদ হোসেন আশিক একই গ্রামের আবুল হোসেন মোল্লার ছেলে। নিরব স্থানীয় একটি কলেজ থেকে চলতি বছর এইচএসসি পাশ করে স্নাতকে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন।

নিহতের মামা টিপু মিয়া বলেন, ‘আমার বোনের ছেলে ও মেঝো বোনের ছেলে আমাদের বাড়ি থেকে রাতে খেয়ে যাদুয়ারচর গ্রামে আমার ভাগ্নি বাড়ি যাচ্ছিল। ঘন কুয়াশার কারণে রাস্তা দেখতে না পেয়ে ওদের মোটরসাইকেল নির্মীয়মাণ ব্রিজের খাদে পড়ে একজন মারা গেছে।

আরেকজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা পাঠানো হয়েছে।’
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. আশিকুল হক বলেন, ‘গুরুতর অবস্থায় দুজনকে আনা হলে পরীক্ষা করে দেখা যায় হাসপাতালে আনার পূর্বেই একজনের মৃত্যু হয়েছে। আরেকজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালে প্রেরণ করা হয়েছে।’


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/133182 ,   Print Date & Time: Friday, 13 March 2026, 06:38:06 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group