• হোম > বিশেষ নিউজ | স্বাস্থ্যকথা > আজ থেকে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো শুরু

আজ থেকে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো শুরু

  • মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩, ০৯:৩৯
  • ২৫৭১

ছবি : সংগৃহীত।

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে আজ। মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে এ কার্যক্রম।

গতকাল সোমবার ঢাকা জেলা সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকার ডেপুটি সিভিল সার্জন ডা. ইয়াসমিন নাহার জানান, ঢাকা জেলার ছয়টি উপজেলায় ৬ থেকে ১১ বছর বয়সী ৭৪ হাজার ৮২ জন শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী চার লাখ ৫২ হাজার ১৫৮ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. মহসিন মিয়ার সঞ্চালনায় এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা. রিজওয়ানা পারভীন, ডা. কাজী মো. ওমর ফারুক, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা শাহানা পারভীনসহ আরও অনেকে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল শিশুদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ডায়রিয়া-নিউমোনিয়ার প্রকোপ কমায়, অন্ধত্ব দূর করে। এজন্য শিশুদেরকে বাড়ির পাশের কেন্দ্রে গিয়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে হবে। তবে, অসুস্থ শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো যাবে না।

ঢাকার ছয়টি উপজেলার মধ্যে ধামরাই, দোহার, কেরাণীগঞ্জ, নবাবগঞ্জ, সাভার ও সাভার পৌরসভা এলাকায় এ ক্যাম্পেইন চলবে। ছয় উপজেলার মোট এক হাজার ৭৪৩টি স্থায়ী ও ১২৫ অস্থায়ী কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে। এতে নিয়োজিত থাকবেন তিন হাজার ৪৮৬ জন স্বেচ্ছাসেবক। এ ছাড়াও পর্যাপ্ত ডাক্তার, নার্সসহ স্বাস্থ্যকর্মীরা এ কাজে সরাসরি অংশ নেবেন।

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন চলাকালে ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর পাশাপাশি জন্মের পরপর নবজাতককে শালদুধ খাওয়ানো, ছয় মাস পর্যন্ত শিশুকে শুধু মায়ের বুকের দুধ খাওয়ানো, শিশুর ছয় মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি পরিমাণমতো ঘরে তৈরি সুষম খাবার খাওয়ানোর বার্তা প্রচার করা হবে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/133225 ,   Print Date & Time: Friday, 17 April 2026, 01:35:08 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group