• হোম > বাংলাদেশ | বিশেষ নিউজ | রংপুর > গাইবান্ধায় কৃষি জমির মাটি যাচ্ছে ইট ভাটায়

গাইবান্ধায় কৃষি জমির মাটি যাচ্ছে ইট ভাটায়

  • শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩, ১৭:৩০
  • ৪৬৩

---

গাইবান্ধা জেলা প্রতিনিধি:

গাইবান্ধায় ইট ভাটার গ্রাসে হারিয়ে যাচ্ছে কৃষি জমির ওপরের মাটি। মাঝেমধ্যে প্রশাসন অভিযান চালালেও থামেনি তাদের অবৈধ মাটি বাণিজ্য। ইট ভাটার মালিকগণ বীর দর্পে কেটে নিয়ে যাচ্ছে কৃষি জমির উর্বরশক্তি।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ইট ভাটার এক মালিক নাম প্রকাশ না করার শর্তে বলেন, যে সকল প্রতিষ্ঠান তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন তাদেরকে ম্যানেজ করা হয়েছে। সবকিছু ম্যানেজ করে কৃষি জমির মাটি তোলা হচ্ছে। জানা যায়, সাদুল্লাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের বদলাগাড়ী গ্রামের বুদা প্রধানের ছেলে ইছা প্রধান ও একই গ্রামের কছির সরকারের ছেলে ছালেক মিয়া দীর্ঘদিন ধরে কৃষি জমি থেকে টপ সয়েল তুলে অন্যত্র বিক্রয় করছে। আসন্ন নির্বাচন নিয়ে প্রশাসনের ব্যস্ততার সুযোগ কাজে লাগিয়ে তারা। সম্প্রতি তুঙ্গে উঠেছে তাদের অবৈধ মাটির ব্যবসা। সাদুল্লাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিনের বেলায় একাধিকবার অভিযান করায় এখন রাতের বেলায় মাটি কেটে নিয়ে যাচ্ছে ইছা ও ছালেকের লোকজন। বনগ্রাম ইউনিয়নের বদলাগাড়ী ও শেরপুর এলাকার বিভিন্ন পয়েন্টে ভেকু মেশিন দিয়ে কৃষি জমির টপ সয়েল কাটার উৎসবে মেতে ওঠেছে। মাটি খেকোগণ ড্রাম ট্রাক ও ট্রাক্টর দিয়ে মাটি সরবরাহ করে লক্ষ লক্ষ টাকা অর্জন করছে। এতে যেমন জমি উর্বরশক্তি হারাচ্ছে তেমনি ফসল উৎপাদন হ্রাস পাচ্ছে। নষ্ট হচ্ছে কাঁচা-পাকা রাস্তা ও ধুলাবালিতে দূষিত হচ্ছে পরিবেশ। এভাবে গাইবান্ধার সাত উপজেলার কৃষি জমির উপরিভাগের মাটি লুটপাটে ফুসে উঠেছে মাটি ব্যবসায়ীগণ। সাদুল্লাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান বলেন, একাধিকবার অভিযান চালানো হয়েছে। অভিযান চলমান থাকবে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/133837 ,   Print Date & Time: Tuesday, 3 March 2026, 01:41:17 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group