• হোম > বাংলাদেশ | বিশেষ নিউজ | ময়মনসিংহ > জামালপুরে নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ করে মতবিনিময় সভা স্বতন্ত্র প্রার্থীর

জামালপুরে নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ করে মতবিনিময় সভা স্বতন্ত্র প্রার্থীর

  • রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩, ১১:২৮
  • ২৬১৫

---

রোমান আহমেদ, জামালপুর প্রতিনিধি:

জামালপুর-৫ সদর আসনে নৌকা প্রতিকের প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী প্রচার কেন্দ্র ভাংচুর, কর্মী-সমর্থকদের ভয়ভীতি প্রদর্শন, কর্মীদের উপর হামলা ও মামলা দেওয়াসহ নানা অভিযোগ করে মতবিনিময় সভা করেছেন ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. রেজাউল করিম রেজনু।

শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে শহরের তমালতলায় জেলা আওয়ামী লীগের প্রথম কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সংবাদ সম্মেলনে মো. রেজাউল করিম রেজনু বলেন, নৌকা প্রতীকের প্রার্থী আবুল কালাম আজাদ নিশ্চিত পরাজয় জেনে তাঁর কর্মীসমর্থকদের দিয়ে ঈগল প্রতীকের কেন্দ্র ভাংচুর করছেন। তাঁরা ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছেন। ঈগল প্রতীকের কর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানিও করা হচ্ছে।

তিনি আরও বলেন, সাবেক আমলারা আবুল কালাম আজাদের নির্বাচনী প্রচারণায় এসে প্রকাশ্যে নৌকা মার্কায় ভোট চাইছেন। মাদারগঞ্জ আসনের প্রার্থী আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাঁর নির্বাচনী এলাকা বাদ দিয়ে সদরে অবস্থান করছেন ও ভোট চাইছেন। সদর উপজেলার বিভিন্ন নির্বাচনী কেন্দ্রে মির্জা আজমসহ দলীয় নেতাকর্মীরা উস্কানিমূলক বক্তব্য দিয়ে নির্বাচনী পরিবেশ নষ্ট করছেন। ইতোমধ্যেই তারা ঈগলের বেশ কয়েকটি প্রচারকেন্দ্র ভাংচুর করেছেন। ঈগলের সমর্থকের বাড়িতে হামলা করে লুটপাট চালিয়েছেন। এসব বিষয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ দিলেও তিনি কোনো ব্যবস্থা গ্রহণ করেননি।

জামালপুর সদর আসনে নির্বাচনী পরিবেশ ইতোমধ্যেই বিঘ্নিত হয়েছে উল্লেখ করে প্রতিটি নির্বাচনী কেন্দ্রে সেনা মোতায়েনসহ বিদেশি পর্যবেক্ষক অবস্থানের দাবি জানান ঈগল প্রতীকের প্রার্থী মো. রেজাউল করিম রেজন।

উক্ত মতবিনিময় সভায় জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/133857 ,   Print Date & Time: Saturday, 30 May 2026, 11:21:34 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group