• হোম > অন্যান্য > ডুমুরিয়ায় ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ৫

ডুমুরিয়ায় ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ৫

  • শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০২৪, ১৮:০১
  • ২৩৩২

নিহতের মরদেহ দেখতে উৎসুক জনতার ভিড়

জেলা প্রতিনিধি,খুলনা :

খুলনার ডুমুরিয়া উপজেলায় ট্রাক-ইজিবাইক সংঘর্ষের ঘটনায় চারজন নিহত হয়েছে। এছাড়া এই ঘটনায় আহত হয়েছেন তিনজন। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত এবং আহতরা সবাই ইজিবাইকের যাত্রী।

শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া উপজেলার খর্নিয়া ইউনিয়নের আংগারদোহা কালভার্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ডুমুরিয়া থানার ওসি সুকান্ত সাহা।

নিহতরা হলেন- আঙ্গারদোহা গ্রামের হান্নান মোড়লের ছেলে সাব্বির মোড়ল, জিয়েলতলা গ্রামের বিষ্ণু বিশ্বাসের ছেলে ইজিবাইকচালক বিশ্বজিৎ বিশ্বাস, বিল পাবলা গ্রামের অনি বিশ্বাসের স্ত্রী নিপা ঢালী এবং অজ্ঞাত এক তরুণী।

ডুমুরিয়া থানার ওসি সুকান্ত সাহা জানান, খুলনা-সাতক্ষীরা মহাসড়কের আঙ্গারদোহা এলাকায় সাতক্ষীরা অভিমুখী ট্রাকের সঙ্গে খুলনা অভিমুখী ইজিবাইকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুইজন এবং হাসপাতালে নেয়ার পর আরও দুইজনের মৃত্যু হয়। দুর্ঘটনা কবলিত ট্রাক ও ইজিবাইক জব্দ করা হয়েছে। তবে চালক ও হেল্পার পালিয়ে গেছে।

স্থানীয় লোকজন জানান, দুর্ঘটনার পর খুলনা-সাতক্ষীরা মহাসড়কে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে ডুমুরিয়া থানা পুলিশ, হাইওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিস সদস্যদের চেষ্টায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/134922 ,   Print Date & Time: Thursday, 12 March 2026, 09:47:12 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group