• হোম > বিশেষ নিউজ | শিক্ষাঙ্গন > এসএসসি পরীক্ষা শুরু আজ

এসএসসি পরীক্ষা শুরু আজ

  • বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪, ০৯:৪১
  • ২৩৫৬

ছবি : সংগৃহীত।

বাংলা প্রথম পত্রের পরীক্ষার মধ্যদিয়ে আজ থেকে শুরু হচ্ছে চলতি বছরের (২০২৪ শিক্ষাবর্ষ) এসএসসি ও সমমানের পরীক্ষা। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সারাদেশের মোট ৩ হাজার ৭০০টি কেন্দ্রে এসএসসি, দাখিল, এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনালের আওতায় শুরু হতে যাওয়া এ পরীক্ষায় অংশ নেবেন ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন।

এ বছর নির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা চলবে আগামী ১২ মার্চ পর্যন্ত। এরপর ১৩ থেকে ২০ মার্চের মধ্যে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে গতবারের চেয়ে এ বছর পরীক্ষার্থী কমেছে ৪৭ হাজারের বেশি। গত বছর ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন এসএসসি পরীক্ষা দিয়েছিল।

পরীক্ষার্থীর পাশাপাশি এ বছর পরীক্ষা কেন্দ্র ও শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যাও কমেছে। গত বছরের তুলনায় এবার পরীক্ষা কেন্দ্র কমেছে ১৮০টি এবং পরীক্ষায় অংশ নেয়া শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে ৬৩টি।

এদিকে, সুষ্ঠুভাবে ও নকলমুক্ত পরীক্ষা আয়োজনে ইতোমধ্যেই সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার থেকে দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী ১২ মার্চ পর্যন্ত এসব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।

অন্যদিকে, পরীক্ষার্থীদের কেন্দ্রে যাওয়া সহজ করতে ১৮টি সুপারিশ করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। মঙ্গলবার সকালে মিডিয়া সেন্টারে এ সুপারিশের কথা জানান ডিএমপির ট্রাফিকের অতিরিক্ত কমিশনার মুনিবুর রহমান।

তিনি বলেন, পরীক্ষার্থীদের কেন্দ্রে যাওয়া সহজ করতে ট্রাফিকের কুইক রেসপন্স টিম কাজ করবে। পাশাপাশি প্রতিটি কেন্দ্রের আশপাশে একাধিক ভ্রাম্যমাণ টিম কাজ করবে। এছাড়া কেন্দ্রের আশপাশের সড়কে হকার থাকতে দেয়া হবে না বলেও জানিয়েছেন এই কর্মকর্তা।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/135012 ,   Print Date & Time: Saturday, 21 February 2026, 06:35:46 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group