• হোম > আইন-অপরাধ | বিশেষ নিউজ > রমনা বটমূলে বোমা হামলা: হাইকোর্টের রায় ৮ মে

রমনা বটমূলে বোমা হামলা: হাইকোর্টের রায় ৮ মে

  • বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১১:৫৫
  • ৮৪৬

---

২০০১ সালের পহেলা বৈশাখে রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে ভয়াবহ বোমা হামলার ঘটনায় দায়ের করা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের জেল আপিলের রায় ঘোষণা করা হবে আগামী ৮ মে।

বুধবার (৩০ এপ্রিল) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ রায়ের জন্য এ দিন ধার্য করেন।

এদিন আসামিপক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এস এম শাহজাহান, সরওয়ার আহমেদ ও শিশির মনির। রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবী।

২০১৪ সালের ২৩ জুন ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত আলোচিত এ মামলার রায় দেন। রায়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ আল ইসলাম বাংলাদেশের (হুজি) শীর্ষ নেতা মুফতি আবদুল হান্নানসহ ৮ জনকে মৃত্যুদণ্ড ও আরও ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়।

প্রসঙ্গত, মুফতি হান্নানের অন্য একটি মামলায় ২০১৭ সালে তার মৃত্যুদণ্ড কার্যকর হয়।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা:

মুফতি আবদুল হান্নান (দণ্ড কার্যকর হয়েছে)
মাওলানা তাজউদ্দিন (বিএনপি নেতা আবদুস সালাম পিন্টুর ভাই)
মাওলানা আকবর হোসেন
মুফতি আব্দুল হাই
হাফেজ জাহাঙ্গীর আলম বদর
মাওলানা আবু বকর ওরফে হাফেজ সেলিম হাওলাদার
মুফতি শফিকুর রহমান
মাওলানা আরিফ হাসান সুমন

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা:

হাফেজ মাওলানা আবু তাহের
মাওলানা সাব্বির ওরফে আব্দুল হান্নান সাব্বির
হাফেজ মাওলানা ইয়াহিয়া
মাওলানা শওকত ওসমান ওরফে শেখ ফরিদ
মাওলানা আব্দুর রউফ
শাহাদত উল্লাহ ওরফে জুয়েল

২০০১ সালের ১৪ এপ্রিল, বাংলা নববর্ষের দিন সকালে রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে জঙ্গি সংগঠন হুজির বোমা হামলায় ১০ জন নিহত হন এবং বহু মানুষ আহত হন। ঘটনায় দুটি মামলা (হত্যা ও বিস্ফোরক আইন) দায়ের করা হয়।

২০০৮ সালের ২৯ নভেম্বর সিআইডি এই মামলায় ১৪ জনকে অভিযুক্ত করে সম্পূরক চার্জশিট দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০১৪ সালে রায় হয়।

এরপর মৃত্যুদণ্ডপ্রাপ্তদের ডেথ রেফারেন্স ও আপিল হাইকোর্টে শুনানির অপেক্ষায় ছিল। নানা জটিলতার কারণে দীর্ঘদিন পর ২০২৪ সালে শুনানি চূড়ান্ত পর্যায়ে আসে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/136053 ,   Print Date & Time: Monday, 16 March 2026, 12:14:47 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group